জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দীর্ঘদিন পর একমঞ্চে বসলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিন নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আফসারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসি। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ শোক সভার আয়োজন করে। ঈদের পর তৃণমূল পর্যায়ে একযোগে কাজ করারও ঘোষণা দেন মহিউদ্দিন চৌধুরী। কেন্দ্রের নির্দেশেই আগামী নির্বাচন সামনে রেখে নগর আওয়ামী লীগের বিবদমান পক্ষের নেতারা এক মঞ্চে এলেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম। তিন নেতার অনুসারী বেশির ভাগ নেতাই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে দুটি ধারা চলে আসছে। একটি ধারার নেতৃত্বে আছেন সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনও মহিউদ্দিনের বিপক্ষে অবস্থান নেন। অনুপম সেন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে পারলেই তাঁর আত্মত্যাগ স্বার্থক হবে।’মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আজ প্রমাণ করেছি সমস্ত ক্ষোভের অবসান ঘটিয়ে স্বৈরশক্তিকে প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ঈদের পর তৃণমূল পর্যায়ে একযোগে কাজ শুরু হবে।’বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে মন্ত্রী আফসারুল আমীন বলেন, ‘তাদের লক্ষ্য তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন বা ক্ষমতায় যাওয়া কোনোটিই নয়। সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, মুজাহিদসহ যুদ্ধাপরাধীদের রক্ষাই তাদের আসল লক্ষ্য।’নুরুল ইসলাম বলেন, ‘শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করতে গিয়ে আমাদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা আগামীতে ধরে রাখতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি নানা কর্মকাণ্ড শুরু করেছে। বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে তারা যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা করছে। এটা প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’এরশাদবিরোধী আন্দোলনে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে রাজপথে থাকার অতীত স্মৃতি তুলে ধরে নুরুল ইসলাম বলেন, ‘আমরা একসঙ্গে রাজপথে ছিলাম। একত্রে থাকলে রাজপথে আমাদের প্রতিহত করার শক্তি বিএনপির নেই। আমাদের মধ্যে যত বিরোধই থাকুক, বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে আমরা এক ও অভিন্ন।’আলোচনা সভায় আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সহসভাপতি সুনীল সরকার, নঈম উদ্দিন চৌধুরী ও মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম ও এম এ রশিদ। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন।