মহিউদ্দিন, নোমানের বিকল্প খুঁজছে দুজনের বিরোধীরা
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন মেরুকরণ শুরু হয়েছে। নগর আওয়ামী লীগে মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত নেতা-কর্মীরা বিকল্প হিসেবে ভালো ভাবমূর্তির একজন প্রার্থী খুঁজছেন। একইভাবে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের বিপক্ষ অন্য কাউকে প্রার্থী করার উপায় খুঁজছে। অবশ্য বিএনপির কেন্দ্র থেকে এখনো কাউকে প্রার্থী দেওয়ার বিষয়টি জানানো হয়নি। আওয়ামী লীগ: জানা গেছে, মহিউদ্দিনের বিরোধীরা নিজেদের পছন্দমতো কোনো প্রার্থী দিতে না পারলেও একজন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী দাঁড় করাতে পারেন। মহিউদ্দিনকে বেকায়দায় ফেলতে প্রয়োজনে তাঁরা এই কৌশল নেবেন। কারণ পরপর তিনবার মেয়র থাকার পরও আবার এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বিতাকে দলের লোকজনই ভালোভাবে দেখছেন না।মেয়রবিরোধী হিসেবে পরিচিত কোতোয়ালি আসনের সাংসদ ও নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি প্রথম আলোকে বলেন, ‘বারবার একজনই মেয়র হবেন, সেটা দলীয় নেতা-কর্মীরা সহজভাবে মেনে নেবেন না। এ কারণে বিকল্প প্রার্থীর কথা উঠেছে। তিনি বলেন, দলে প্রার্থীর অভাব নেই। তিনি প্রার্থী হিসেবে স্থানীয় দু-একজন নেতার নামও বলেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জমান চৌধুরী মেয়র নির্বাচন করতে পারেন এমন আলোচনা গত জাতীয় সংসদ নির্বাচনের সময় শোনা গিয়েছিল। চার মাস আগে মেয়র মহিউদ্দিন আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সাইফুজ্জমানকে দেখে ‘মেয়র সাব, ক্যান আছন’ বলে হাত বাড়িয়ে দেন। এরপর থেকে অনেকেই মনে করেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাইফুজ্জমান ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন। যোগাযোগ করা হলে সাইফুজ্জমান বলেন, ‘চট্টগ্রামবাসী মেয়র পদে বারবার একমুখ দেখতে চায় না। তথ্যপ্রযুক্তির এ যুগে মানুষ আরও গতিশীল নেতৃত্ব চায়। তিনি বলেন, অতীতে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণমাত্রায় চালুর ক্ষেত্রে কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন—তা চট্টগ্রামবাসীর অজানা নয়। নাগরিক উন্নয়নের এসব প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে চট্টগ্রামবাসী মেয়র পদে পরিবর্তন দেখতে চায়। তবে মহিউদ্দিন মনে করেন, এবারও তিনি দলের অঘোষিত মনোনয়ন পাবেন। তিনি বলেন, ‘আমাকে কাজ করার সবুজ সংকেত দেওয়া হয়েছে, সে হিসেবে আমি প্রস্তুতি শুরু করেছি।’ তিনি বলেন, ‘সাদা কাপড়ের লোকজন নয়, কুলি-মজুর, ঠেলাচালক, রিকশাওয়ালারাই আমাকে আবার নির্বাচিত করবে।’ গতকাল নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর তাত্ক্ষণিক প্রক্রিয়ায় তিনি বলেন, ‘আমি এটার অপেক্ষায় ছিলাম। এখন আর এগিয়ে যেতে বাধা নেই।’জানা গেছে, নগর কমিটির সদস্য আজম নাছির উদ্দীনও মেয়র পদে প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। নগর ছাত্রলীগের বিশাল কর্মী বাহিনীর একটি বড় অংশ তাঁর অনুসারী। বিএনপি: কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না এলেও চট্টগ্রামের তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা নির্বাচনের পক্ষে নানামুখী তত্পরতা শুরু করেছেন। আজ বুধবার বরিশালে অনুষ্ঠেয় বিএনপির বিভাগীয় সমাবেশের পর কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিক বৈঠকে বসে চট্টগ্রাম সিটির নির্বাচনে যাওয়া না-যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে মন্তব্য করার সময় আসেনি। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে নেতারা বৈঠকে বসবেন। তখন বলা যাবে, বিএনপি নির্বাচনে যাচ্ছে কি না। আর গেলে আমাদের মেয়র প্রার্থী কে হবেন—তা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে জানাব।’এদিকে মেয়র পদে নোমানের বিকল্প নিয়ে নগরের তৃণমূলের নেতা-কর্মীরা নানা আলোচনা করছেন। বিকল্প হিসেবে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন ছাড়াও উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর নাম আসছে। সাবেক ডেপুটি মেয়র ও নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরীর পক্ষে নগরে পোস্টার ও স্টিকার লাগানো হয়েছে। মীর নাছিরের অনুসারীরা তাঁকে তৃতীয়বার মেয়র প্রার্থী দেখতে আগ্রহী। আগের দুবার হারের জন্য মীর নাছির দলীয় কোন্দলকে দায়ী করেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিএনপির কোন্দলের কারণে আমি হেরেছি।’ উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, ‘চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। দলীয় নেতা-কর্মীরা এ শূন্যতা পূরণে আমাকে মেয়র পদে দেখতে আগ্রহী।’ সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী বলেন, ‘নেতা-কর্মীরা তো আমার কথা বলছে। দল চাইলে আমি নির্বাচন করতে প্রস্তুত।’ দলীয় সূত্র জানায়, সিটি নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে নেতাদের সঙ্গে বসতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে। যোগাযোগ করা হলে আমীর খসরু বলেন, ‘বরিশালের বিভাগীয় সমাবেশ শেষ হোক। এর আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’