মহিউদ্দিন চৌধুরীর ১৪ অভিযোগ
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ১৪টি অভিযোগ উত্থাপন করেছেন। গতকাল শুক্রবার রাতে তিনি সাংবাদিকদের কাছে লিখিতভাবে এসব অভিযোগ তুলে ধরেন।সিটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন, নাকি প্রত্যাখ্যান করবেন— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন, নির্বাচন কমিশন অভিযোগগুলো আগে তদন্ত করে দেখুক না। গতকাল রাত নয়টায় মহিউদ্দিন চৌধুরী ‘নির্বাচন কমিশনার ও স্থানীয় প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা’র তদন্ত দাবি করেন। নাগরিক কমিটির প্যাডে দেওয়া ১৪টি অভিযোগ উত্থাপন করে তিনি বলেন, ‘আমার অভিযোগগুলো লিখিত আকারে রয়েছে। এটাই আমার বক্তব্য।’ নাগরিক কমিটি সরকারিভাবে ফল প্রকাশ স্থগিত রেখে এসব অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে। তা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানানো হয়।মহিউদ্দিনের উল্লেখযোগ্য অভিযোগ হলো, বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মন্জুর আলম ‘বিদ্যুৎ চুরি’র মামলায় সাজাপ্রাপ্ত। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ষড়যন্ত্রের ধারাবাহিকতা শুরু করে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাঁর বিরুদ্ধে প্রচারপত্র বিলির কোনো তদন্ত বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নগদ অর্থ বিলির অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন।এর আগে সকালে নগরের চশমা হিলের বাসভবনে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে গেলে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বোট-টোট বেক শ্যাষ, আজিয়াঁ বোট লই কোনো কথা ন (ভোট শেষ, আজ আর ভোট নিয়ে কোনো কথা নয়)।’ মহিউদ্দিন তিনবার মেয়রের দায়িত্ব পালন করেছেন এবং তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি।সকাল থেকে দলীয় নেতা-কর্মী ও পেশাজীবীরা মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁর বাসায় দেখা করেন। তাঁদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেলা বিস্কুট, দেশি কলা ও মিষ্টি দই দিয়ে আপ্যায়ন করেন তিনি। সকালে তাঁর বাসায় উপস্থিত লোকজনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান পরাজয়ের কারণ উল্লেখ করে আলোচনার সূত্রপাত করেন। দলীয় নেতাদের সংক্ষিপ্ত আলোচনায় আওয়ামী লীগের কয়েকজন নেতার ‘বিশ্বাসঘাতকতার’ বিষয় উঠে আসে। কোন নেতা কোথায় আনারসের (বিএনপি-সমর্থিত প্রার্থীর প্রতীক) কাজ করেছেন তাও স্থান পায়। মহিউদ্দিন তাঁদের থামিয়ে দেন।বাসার নিচতলার ড্রইং রুমে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন, ফটিকছড়ির আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, দেলোয়ার হোসেন মজুমদার, জাতীয় পার্টির সাবেক সাংসদ মাজহারুল হক শাহ ও সোলায়মান আলম শেঠ প্রমুখ উপস্থিত ছিলেন।দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের সময় একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ক্যামেরা নিয়ে হঠাৎ ঢুকে পড়লে মহিউদ্দিন দুই হাত জোড় করে বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু বলব না। বলার কিছু থাকলে পরে আপনাদের ডাকব। তবে বাইরে ক্যামেরা রেখে এখানে (ড্রইং রুম) বসতে পারেন।’ এরপর মহিউদ্দিন জুমার নামাজ আদায় করতে মসজিদে যান।জুমার নামাজের পর মহিউদ্দিন চৌধুরী বাসায় ফেরেন। এ সময় ৫০ জন শিশু তাঁর জন্য অপেক্ষা করছিল। প্রতি শুক্রবার তাদের পেট পুরে খাওয়ান তিনি। তিনি শিশুদের খাওয়ার জন্য দোতলার ডাইনিং রুমের দিকে যেতে বলেন। তারা হুল্লোড় করে সেদিকে ছোটে। মহিউদ্দিন নিজেই তাদের খাবার তদারক করেন। এরপর দুটি টিভি চ্যানেলের সাংবাদিক যান তাঁর সাক্ষাৎকার নিতে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে আমরা অনেক অভিযোগ দিয়েছি। তারা কিছুই আমলে নেয়নি। ফলাফল ঘোষণার সময় জিমনেসিয়াম এলাকায় বিএনপির সমর্থকেরা আগুন লাগিয়ে ও ভাঙচুর চালিয়ে তাণ্ডব করেছে। পুলিশ কর্মকর্তার ওপর হামলা হয়েছে। জামায়াতের একজন নেতা এই সন্ত্রাসী ঘটনার নেতৃত্বে ছিলেন।’মহিউদ্দিন আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টাকা বিলিয়েছে। টাকাসহ একজন ধরাও পড়েছে। কিছু কিছু মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচারও চালিয়েছে। আমার তো টাকা নেই। অথচ নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি, মামলা করেনি। আমরা এর তদন্ত চাই।’১৪ দফার উল্লেখযোগ্য অভিযোগ: এ ছাড়া ফলাফল ঘোষণার সময় আনারস প্রতীকের পক্ষে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সশস্ত্র হামলার পরও নির্বাচন কমিশনের নীরব ভূমিকা, ব্যালট বাক্স ছিনতাইয়ের পরও কোনো ব্যাখ্যা না দিয়ে ফলাফল ঘোষণা করে পরাজিত করার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হওয়া, লালখান বাজারসহ বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং সহকারী ও পোলিং কর্মকর্তা আনারস প্রতীকে নিজেরা সিল মেরে দেওয়া, লালখান বাজার হাজিপাড়া কেন্দ্রে এ কাজে জড়িত নির্বাচন কর্মকর্তাদের হাতেনাতে ধরা হলেও নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা না নেওয়া, রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ৬০ কেন্দ্রের ফলাফল ঘোষণার (মহিউদ্দিন এগিয়ে ছিলেন) পর আমীর খসরুর রিটার্নিং কর্মকর্তার কক্ষ ত্যাগ করে ৬০ হাজার ভোটে আনারস মার্কা এগিয়ে আছে বলে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে রাতভর হামলা, অগ্নিসংযোগের মধ্যে ফল ঘোষণা করে পরাজিত দেখানো, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হরণ করার মাধ্যমে ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন।