মহিউদ্দিন-নুরুল ইসলামের ‘ক্ষণিকের’ কোলাকুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আওয়ামী লীগে পরস্পরবিরোধী বলেই পরিচিত সদ্য বিদায়ী মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও কোতোয়ালি এলাকার সাংসদ নুরুল ইসলাম বিএসসি। আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর প্রার্থিতার ব্যাপারে শুরু থেকেই বিরোধিতা করেছেন নুরুল ইসলাম। অন্যদিকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে মহিউদ্দিন প্রকাশ্যে নুরুল ইসলামের বিরোধিতা করেছিলেন। গতকাল শনিবার এই দুই নেতা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেছেন।আসন্ন নির্বাচনে নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন ও সাংসদ নুরুল ইসলামের এই কোলাকুলি হয় চট্টগ্রাম প্রেসক্লাবে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভানেত্রী নিলুফার কায়সারের প্রথম স্মরণসভায় এসেছিলেন তাঁরা। সন্ধ্যার কিছু আগে সভাস্থলে আসেন মহিউদ্দিন। এর কয়েক মিনিট পর আসেন নুরুল ইসলাম। ব্যস্ততা আছে জানিয়ে মহিউদ্দিন আগে বক্তব্য দেন। প্রায় ১০ মিনিট স্থায়ী বক্তব্য শেষে তিনি বলেন, আরেকটি কাজ বাকি আছে। তিনি তখন মঞ্চে বসা নুরুল ইসলামের কাছে যান এবং তাঁর সঙ্গে প্রথমে করমর্দন করেন। পরে নুরুল ইসলামকে জড়িয়ে ধরেন মহিউদ্দিন, কোলাকুলি করেন দুজনে। তাঁরা উপস্থিত দর্শকদের উদ্দেশে দুই হাত তুলে অভিবাদন জানান। এরপর মহিউদ্দিন সভাস্থল ত্যাগ করেন। পরে বক্তব্য দেন নুরুল ইসলাম।দুজনের কোলাকুলি দেখে আওয়ামী লীগের উপস্থিত নেতা-কর্মীরা হাততালি দিয়ে তাঁদের অভিনন্দন জানান। এরপর ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম রানু স্মরণসভায় বলেন, ‘আমরা মহিউদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম বিএসসির ক্ষণিকের এ কোলাকুলি দেখতে চাই না। বরং সারা বছর তাঁদের এ আচরণের বাস্তবায়ন দেখতে চাই। এতে চট্টগ্রামের আওয়ামী লীগে সুষ্ঠু রাজনীতির চর্চা হবে এবং যোগ্যদের উঠে আসা সম্ভব হবে।’নুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী এখানে আসবেন জানলে আমি মিষ্টি নিয়ে আসতাম। তাঁকে মিষ্টি খাওয়াতাম। এতে হয়তো সারা বছর তাঁর মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হতো।’ তবে বক্তব্যে তিনি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। নিলুফার কায়সারকে স্মরণ করে বক্তব্য শেষে তিনি সভাস্থল ত্যাগ করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা বক্তব্য দেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ।এর আগে দুপুরে মহিউদ্দিন চৌধুরী লালখানবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে যান। সন্ধ্যায় বাগমনিরাম এলাকায় গুলশান ক্লাবে একটি অনুষ্ঠানেও যান তিনি। এসব অনুষ্ঠানে তিনি বলেন, ‘আইনি বাধ্যবাধকতা আছে তাই কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। তবে চট্টগ্রামের উন্নয়নে আমার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহর আরও সমৃদ্ধ হবে।’