মহিউদ্দিন পদত্যাগ করবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে বলেছে সরকার। গতকাল বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশেষ বার্তায় তাঁকে এ নির্দেশনা দেয়। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে মহিউদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার মেয়রের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের পর তিনি মনোনয়নপত্র জমা দেবেন। গতকাল দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনে অটোমেশন চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। গতকাল ১৪ দলের পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী মহিউদ্দিনের প্রতি সমর্থন জানানো হয়।সূত্র জানায়, নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করবেন কি না, মহিউদ্দিন চৌধুরী তা জানতে চেয়ে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে চিঠি দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন পর্যালোচনা করে নির্বাচনের জন্য মেয়র পদ থেকে মহিউদ্দিনের পদত্যাগের পক্ষে মত দেয়। গতকাল বিকেলে এ সংক্রান্ত ফাইলে মন্ত্রী সই করেন। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহিউদ্দিনকে পদত্যাগ করার কথা জানানো হয়। এর আগে তিনি পদত্যাগ না করার পক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়েছিলেন।সূত্র আরও জানায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহিউদ্দিনকে পাঠানো বার্তায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা উদ্ধৃত করে পদত্যাগের আইনানুগ বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। একই সঙ্গে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তরের কথাও বলা হয়। আইন অনুযায়ী লাভজনক পদে থেকে নির্বাচন করা যায় না। মেয়র পদকে লাভজনক বলে মন্তব্য করা হয়েছে। আইনানুসারে নতুন মেয়র দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।সূত্র জানায়, আওয়ামী লীগের উচ্চপর্যায় থেকেও মহিউদ্দিনকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পদত্যাগ না করে নির্বাচন করলে যে কেউ আইনের আশ্রয় নিতে পারবেন এবং এতে প্রার্থিতা বাতিল হওয়ার আশঙ্কা থাকবে বলেও তাঁকে জানিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনও মহিউদ্দিনের পদত্যাগের আইনি বাধ্যবাধকতার কথা বলেছে।আজ পদত্যাগ করবেন মহিউদ্দিন: মেয়র মহিউদ্দিন গতকাল সিটি করপোরেশনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে অটোমেশন চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, ‘বৃহস্পতিবার সকালে মেয়র পদ থেকে পদত্যাগ করব। একজন প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করব।’চট্টগ্রামে ১৪ দলের সভায় মহিউদ্দিনকে সমর্থন: নগরের মুসলিম ইনস্টিটিউট হলে বিকেলে ১৪ দলের সভায় মেয়র পদে নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর প্রতি সমর্থন জানানো হয়। ন্যাপের নেতা আবদুল মোমেন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ, নাগরিক কমিটির সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, জাসদের জসিম উদ্দিন ও ন্যাপের গাজী আলমগীর।আবু ইউসুফ মেয়র পদপ্রার্থী হিসেবে মহিউদ্দিনের প্রতি সমর্থন ঘোষণা করেন। সমাবেশে মহিউদ্দিন বলেন, ‘আমি আপনাদের দোয়া চাইতে এসেছি। আগামীকাল (আজ বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমা দেব। নির্বাচনে আমাকে হারিকেন প্রতীক দেওয়া হয়নি। প্রতীকের জন্য আবেদন জানাব।’ তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, কোনো নির্বাচনী ওয়াদা করা যাবে না। তাই আমি সে রকম কোনো ওয়াদা করে নীতিমালা ভাঙতে রাজি নই। আমি মনে করি, একজন প্রার্থীকে তাঁর কাজের মধ্য দিয়ে জন-আস্থা অর্জন করতে হবে। যিনি সেই আস্থা অর্জন করতে পেরেছেন, আপনারা তাঁর পক্ষে রায় দেবেন।’