মহিউদ্দিন-শাজাহান মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ৫৮২ কোটি টাকার নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দরপত্র নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পক্ষে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ। আর দরপত্রে অনিয়মের প্রতিবাদে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সর্বদলীয় ব্যানারে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন।গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকেন মহিউদ্দিন চৌধুরী। কাল শনিবার বন্দর ব্যবহারকারীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে সভা করার কর্মসূচি ঘোষণা দেন তিনি। এর পাল্টা হিসেবে আজ শুক্রবার নৌমন্ত্রীর পক্ষে বন্দর ব্যবহারকারী ফোরামের ব্যানারে সভা আহ্বান করা হয়েছে। চট্টগ্রাম চেম্বার থেকে সভা ডাকার বিষয়টি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনের মুখে বন্দর ব্যবহারকারীদের কাছে টানতে নৌমন্ত্রী বুধবার রাতে মন্ত্রণালয়ে বৈঠক করেন। স্থানীয় সাংসদ ও বন্দর ব্যবহারকারী ফোরামের উপদেষ্টা এম এ লতিফ এবং সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী এবং নৌসচিব আবদুল মান্নান হাওলাদার বৈঠকে উপস্থিত ছিলেন।এরপর আজ বিকেলে বন্দর ব্যবহারকারী ফোরামের বৈঠক ডাকেন ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। তিনি লতিফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। লতিফ এই ফোরামের উপদেষ্টা। তাঁর পরামর্শে এ সভা ডাকা হয়েছে বলে জানা গেছে।নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে এম এ লতিফ প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংসদ হিসেবে তিনি এ বৈঠক করেছেন। বন্দর রক্ষা পরিষদ কী রক্ষা করতে চায়, তা নিয়ে নৌমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, দরপত্রে অস্বচ্ছতা থাকলে দরপত্র জমা দেওয়ার দুই দিন আগে কেন আন্দোলনে নেমেছেন সাবেক মেয়র, সেটাই প্রশ্ন। এগুলো কেন আগে করা হয়নি।মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যত প্রভাবশালী লোকই হোক, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো কাজ কাউকেই আমরা করতে দেব না। জনগণ মাঠে নামতে শুরু করেছে।’এদিকে আন্দোলনের পরও নির্ধারিত সময়সূচি অনুযায়ী, নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্র জমা নেওয়ায় গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে বন্দর রক্ষা পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন মহিউদ্দিন চৌধুরী। কর্মসূচিতে ছাত্রলীগ, যুবলীগ, ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল আওয়ামী লীগ, বন্দর কর্মচারী পরিষদ, ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতারা বক্তব্য দেন।