মহিউদ্দিনের অভিযোগ প্রত্যাখ্যান করল ইসি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরাজিত মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী নির্বাচনে অনিয়মের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ করেছেন, কমিশন সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।আজ বুধবার মহিউদ্দিনের পক্ষ থেকে লিখিতভাবে এই অভিযোগ নির্বাচন কমিশনে উত্থাপন করা হয়। অভিযোগে বলা হয়েছে, নির্বাচন পরিচালনায় কমিশন যথাযথ দায়িত্ব পালন করেনি। বিএনপি-সমর্থিত মেয়র মনজুর আলম ‘বিদ্যুত্ চুরি’র মামলায় সাজা পাওয়া ব্যক্তি। অথচ কমিশন সাজা পাওয়া ব্যক্তিকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মনজুর আলম আচরণবিধি ভঙ্গ করে তাঁর বিরুদ্ধে প্রচারপত্র বিলি করলেও কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এর বাইরেও আরও কিছু অভিযোগ করা হয়েছে।মহিউদ্দিনের অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, গেজেট প্রকাশের পর এ ধরনের অভিযোগ গ্রহণ করার আইনি কোনো সুযোগ নেই। এখন নির্বাচনসংক্রান্ত যেকোনো বিরোধ নিষ্পত্তির জন্য পরাজিত প্রার্থীকে নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে হবে। তবে অভিযোগ অবশ্যই নির্বাচনের গেজেট প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে করতে হবে।উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী ফল ২১ জুন গেজেট আকারে প্রকাশিত হয়েছে।