চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোন্দলের পাশাপাশি স্থানীয় পাঁচজন সাংসদ মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন। নির্বাচন সামনে রেখে তিনি এই পাঁচ সাংসদের বাসায় গিয়ে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন। কিন্তু তাঁদের সঙ্গে মেয়রের তিক্ততার সম্পর্ক এমন পর্যায়ে গেছে, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলেই অনেকে মনে করছেন। অথচ গত মেয়র নির্বাচনে তাঁরাই মেয়রের পক্ষে আটঘাট বেঁধে নেমেছিলেন।চট্টগ্রামের এই পাঁচ সাংসদ হলেন নুরুল ইসলাম বিএসসি, এম আবদুল লতিফ, আখতারুজ্জামান চৌধুরী, মোশাররফ হোসেন এবং জাসদের মইনউদ্দিন খান বাদল। তাঁদের মধ্যে প্রথম তিনজন সরাসরি মেয়রের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অন্য দুজন প্রকাশ্যে বিরোধিতা না করলেও মেয়রের পক্ষে মাঠে থাকার সম্ভাবনা কম বলে জানা গেছে। তাঁদের মধ্যে মইনউদ্দিন ছাড়া বাকিরা আওয়ামী লীগ দলীয় সাংসদ।গত সংসদ নির্বাচনে মইনউদ্দিন মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জয়ী হন। এ আসনে মেয়রের পছন্দের প্রার্থী ছিলেন আওয়ামী লীগের নেতা আবদুস ছালাম। নির্বাচনকে কেন্দ্র করে মইনউদ্দিনের সঙ্গে মেয়রের বিরোধ দেখা দেয়। অথচ গত মেয়র নির্বাচনে মহিউদ্দিনের পক্ষে মইনউদ্দিন জোরালো ভূমিকা রেখেছিলেন।জানা গেছে, সর্বশেষ তিন সপ্তাহ আগে চান্দগাঁও থানার একটি মামলার ব্যাপারে মেয়রকে দিয়ে তদবির করাতে সাংসদ মইনউদ্দিন মেয়রের বাসায় যান। কিন্তু মেয়র তখন তাঁর সঙ্গে শোভন আচরণ করেননি।গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে মহিউদ্দিন জিইসি মোড়ের কাছে সাংসদ মোশাররফের বাসায় যান। সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান করে নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে মেয়র সাংসদের সহায়তা চান। যোগাযোগ করা হলে সাংসদ মোশাররফ তাঁর বাসায় মেয়রের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দল তাঁকে মনোনয়ন দিলে আমরা তাঁর পক্ষে কাজ করব। অন্যথায় প্রশ্নই আসে না।’ গত সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের তৃণমূল নেতা-কর্মীদের ভোটে কোতোয়ালি আসনের প্রার্থী নির্বাচনের জন্য গোপন ভোট হয়। কিন্তু গণনার আগেই মেয়র ওই ভোট বাক্স গাড়িতে করে নিয়ে যান। পরে মেয়র আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যবসায়ী সামসুল আলমের নাম ঘোষণা করেন। পরে মনোনয়ন পেয়ে নুরুল ইসলাম বিজয়ীও হন। তবে মেয়র তাঁর বিরুদ্ধে কাজ করতে তাঁর অনুসারী স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।সাংসদ হিসেবে নুরুল ইসলাম নগরের সদর আসনের জন্য সরকারের কাছ থেকে কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে আসেন। কিন্তু মেয়র এসব প্রকল্প বাস্তবায়নে সরাসরি বাধা দেন এবং প্রকল্প ফিরিয়ে নেওয়ার জন্য মন্ত্রণালয়ে উপানুষ্ঠানিকপত্র (ডিও) দেন। এসব বিষয় নিয়ে মহিউদ্দিনের সঙ্গে নুরুল ইসলামের সম্পর্কের তিক্ততা এখন চরম পর্যায়ে।নুরুল ইসলাম গতকাল রাতে প্রথম আলাকে বলেন, ‘আমি কখনো মহিউদ্দিনের সঙ্গে সমঝোতা করব না। এত বেশি অন্যায়-অবিচারকারীর সঙ্গে সমঝোতায় আসা যায় না।’গত নির্বাচনে হালিশহর-পতেঙ্গা আসনে মেয়রের পছন্দের প্রার্থী ছিলেন খোরশেদ আলম। কিন্তু রাতারাতি দলীয় মনোনয়ন পরিবর্তন করে লতিফই ওই আসনে সাংসদ নির্বাচিত হন। পরে চেম্বার, ওয়াটার ট্রান্সপোর্ট সেলসহ আরও কিছু বিষয় নিয়ে লতিফের সঙ্গে মেয়রের বিরোধে চরম আকার ধারণ করে।সাংসদ লতিফ এখন জাপান সফরে আছেন। তবে এর আগে লতিফ প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি কোনো দিন মহিউদ্দিনকে ক্ষমা করব না।’ জানা গেছে, মহিউদ্দিনের বিরোধিতা থেকেই লতিফ ইতিমধ্যে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সিটি করপোরেশনের জায়গা নিয়ে গত বছরের সেপ্টেম্বরে সাংসদ আখতারুজ্জামানের সঙ্গে মহিউদ্দিনের নতুন করে বিরোধ দেখা দেয়। এ নিয়ে পাল্টাপাল্টি সভা-সমাবেশের কারণে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এর আগে চট্টগ্রাম আওয়ামী লীগে বাবু ও মহিউদ্দিন পক্ষ নামে দুটি উপদল ছিল।গত শনিবার আকস্মিক মহিউদ্দিন দলের নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী এনামুল হককে নিয়ে আখতারুজ্জামানের সার্সন রোডের বাসায় যান। তিনি সেখানে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন। সাংসদ আখতারুজ্জমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি ওনাকে আগে নিজের ঘর (মহানগর আওয়ামী লীগ) সামলাতে বলেছি। আমি তো দক্ষিণ সাংগঠনিক জেলার মানুষ। আমার এখানে করার কিছু নেই।’দলীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন যাতে আবার মেয়র হতে না পারেন সে জন্য চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে তিনি মনোনয়পত্র সংগ্রহ করেছেন।এসব বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে। দলীয় সিদ্ধান্ত এলে সবাই বাধ্য হয়ে আমার পক্ষে কাজ করবেন।’ প্রসঙ্গত, আজ বুধবার আওয়ামী লীগ সমর্থক নাগরিক কমিটি মহিউদ্দিনকে প্রার্থী ঘোষণা করতে পারে।