মহিউদ্দিনের জন্য ভোট চাইছেন স্ত্রী-পুত্র-কন্যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পাশাপাশি তাঁর পক্ষে গণসংযোগে নেমেছেন স্ত্রী, ছেলে ও তিন মেয়ে। তাঁরা আলাদাভাবে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার চালাচ্ছেন এবং মহিউদ্দিনের পক্ষে ভোট চাইছেন। জানা যায়, মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন গতকাল বুধবার লালখান বাজার ইস্পাহানি মোড়ে পথসভা করেন। ইতিমধ্যে তিনি পাঁচলাইশ, শুলকবহর ও কাতালগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন। আজ বৃহস্পতিবার তিনি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কালামিয়া বাজার, পূর্ব বাকলিয়া, মাস্টারপুল ও আশপাশের এলাকায় গণসংযোগ করবেন বলে জানা গেছে। মহিউদ্দিনের ছেলে চৌধুরী মুহিবুল হাসান পাঁচ দিন ধরে বিএনপি-অধ্যুষিত বলে পরিচিত এলাকাগুলোয় গণসংযোগ করছেন। এগুলোর মধ্যে রয়েছে: মিয়াখান নগর, খুলশী বিহারি কলোনি, উত্তর কাট্টলী ও এ কে খান এলাকা।নির্বাচনী প্রচারে অংশ নেওয়া প্রসঙ্গে মুহিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। প্রতিপক্ষ আমাদের ভোটারদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে শুনছি। তাঁদের অভয় দিতেই আমরা ইতিমধ্যে উত্তর কাট্টলী ও কর্নেল হাট ঘুরে এসেছি।’ নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় পিছিয়ে নেই মহিউদ্দিনের তিন মেয়ে জেবুন্নেসা চৌধুরী, মুসরাত শারমিন ও ইশরাত শারমিন। গত মঙ্গলবার তাঁরা পাঁচলাইশ, প্রবর্তক মোড় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ করেন। প্রচারে নামার চতুর্থ দিনে তাঁরা গতকাল বিকেলে বান্ধবীদের নিয়ে মিমি সুপার মার্কেটে গণসংযোগ করেন এবং মহিউদ্দিনকে ভোট দেওয়ার জন্য দোকানি ও ক্রেতাদের অনুরোধ জানান।মহিউদ্দিনের বড় মেয়ে জেবুন্নেসা চৌধুরী বলেন, ‘তিন-চার দিন ধরে আমরা বিভিন্ন আবাসিক এলাকায় প্রচার চালাচ্ছি। মানুষ অনেক বেশি সমর্থন দিচ্ছে। কিন্তু এটাকেই বেশি ভয় লাগছে। মনে হচ্ছে, সামনে বলেই লোকজন বেশি বেশি হ্যাঁ বলছে। আবার অনেকে বলছেন, আপনার বাবা অনেক কাজ করেছেন, এ জন্য তাঁকে ভোট দেব।’ তিনি বলেন, ‘আমরা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতেই মাঠে নেমেছি। এবার যে সাড়ে পাঁচ লাখ নতুন ভোটার হয়েছে, তারা নির্বাচনকে অনেক বেশি প্রভাবিত করবে বলে আমরা মনে করছি।’ স্ত্রী, পুত্র, কন্যাদের মতো পরিজনেরাও মহিউদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন। তাঁরাও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। বিনোদ বিহারীর বাসায় মহিউদ্দিন, গণসংযোগ: মহিউদ্দিন চৌধুরী মঙ্গলবার রাতে প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর মোমিন রোডের বাসায় যান। সেখানে তিনি ১০-১৫ মিনিট অবস্থান করেন এবং আসন্ন নির্বাচনে তাঁর সহায়তা চান। এ সময় মহিউদ্দিনের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ, আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক মিয়াও ছিলেন। মহিউদ্দিন চৌধুরী চলে যাওয়ার পর বিনোদ বিহারী সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনা তাঁকে আমার সঙ্গে দেখা করে নির্বাচনী প্রচার শুরুর কথা বলেছিলেন। এ কারণে আমার বাসায় এসেছে।’মহিউদ্দিন গতকাল সকালে পাঁচলাইশের চালিতাতলীতে সাবেক কাউন্সিলর লিয়াকতের বাসভবনে তাঁর স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন এবং লিয়াকতের কবর জিয়ারত করেন। এরপর তিনি মুসলিম হলে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে যান। প্রতীক নেওয়ার পর তিনি প্রচার চালাতে মধ্যম হালিশহরে যান।বিকেলে মহিউদ্দিন চশমা হিলে তাঁর বাসায় ব্রিটিশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সাইমন লিভার ও রাজনৈতিক বিশ্লেষক এজাজুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে সাইমন লিভার প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে আসন্ন সিটি নির্বাচন ছাড়াও বাংলাদেশের জ্বালানি, বিদ্যুত্, চট্টগ্রাম বন্দর ও ট্রানজিট নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আমরা মহিউদ্দিনের মনোভাব জানতে চেয়েছি।’ তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে আমরা সন্তুষ্ট।’ বিকেলে মহিউদ্দিন ফিরিঙ্গি বাজার, ব্রিজঘাট এবং এনায়েত বাজার এলাকায় গণসংযোগ করেন। বিকেলে প্রচারকালে তাঁর হাতে ছিল তাঁর নির্বাচনী প্রতীক জাহাজ-সংবলিত পোস্টার। তিনি পোস্টারটি লোকজনকে দেখান এবং এই প্রতীকে ভোট চান।