মহিউদ্দিনের পক্ষে আওয়ামী লীগের ‘ঐক্য মিশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দলের মাঠপর্যায়ের নেতাদের বিরোধ নিরসনে আওয়ামী লীগ কেন্দ্রীয় একটি দল চট্টগ্রামে পাঠিয়েছে। ‘ঐক্য মিশন’ নামের এই দলের লক্ষ্য হলো স্থানীয় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে মহিউদ্দিনের পক্ষে মাঠে নামানো। এ লক্ষ্যে দলটি গত শুক্রবার থেকে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে। ঐক্য মিশন আরও তিন-চার দিন চট্টগ্রামে অবস্থান করে দলের সব পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দলের চট্টগ্রাম অঞ্চলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিন ধরে ভালো নয়। তাঁরা প্রকাশ্যেই মহিউদ্দিনের বিরুদ্ধে অবস্থান নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ মে ঢাকায় গণভবনে চট্টগ্রামের নেতাদের ডেকে এনে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সামনেই তাঁরা মহিউদ্দিনের সমালোচনা করেন। পরে প্রধানমন্ত্রীর আহ্বানে তাঁরা মহিউদ্দিনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রামের প্রভাবশালী নেতাদের মান-অভিমান ভাঙলেও দলের মাঠপর্যায়ের নেতাদের বড় একটি অংশের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ রয়ে গেছে। বিশেষ করে সিটি করপোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে সাবেক মেয়রের সম্পর্ক মোটেই ভালো নয়। এসব নেতার সঙ্গে মহিউদ্দিনের বিরোধ নিরসনে কেন্দ্র থেকে এই ঐক্য মিশন চট্টগ্রামে পাঠানো হয়েছে। এই দলে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার। সূত্র জানায়, বিরোধ নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা শুক্রবার চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় জালাল উদ্দিন, তারেক সোলায়মান, জাফর আলম, গিয়াসউদ্দিন, রেখা আলম, রেহানা বেগমসহ ১৫-২০ জন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন। এই কাউন্সিলরদের কয়েকজন কিছুদিন আগে মহিউদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন। শুক্রবার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ওয়ার্ড কাউন্সিলররা মহিউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ জানালেও শেষ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে মাঠে নামার প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে তাঁরা নাগরিক কমিটির কার্যালয়ে সভা করেন এবং মহিউদ্দিনের পক্ষে কাজ করার কথা জানান। সূত্র আরও জানায়, কেন্দ্রীয় নেতারা গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের বাসভবনে দলের ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠক করেন। এ বৈঠকে প্রতি ওয়ার্ডে কাউন্সিলর পদে দলের একজন করে প্রার্থী রাখার সিদ্ধান্ত হয়। পরে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম মহানগরের একটি আসনে দলীয় সাংসদ আবদুল লতিফের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় নেতারা জানান, তিনিও মহিউদ্দিনের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন। তাঁরা মহিউদ্দিনের বিরোধী বলে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসির সঙ্গেও বৈঠক করবেন। মাহবুবুল আলম হানিফ জানান, নুরুল ইসলামের লোকজনের সঙ্গে তাঁদের কথা হয়েছে। চট্টগ্রামে ঐক্য মিশনের ব্যাপারে তিনি প্রথম আলোকে বলেন, ‘দলের সবাইকে ঐক্যবদ্ধ করতেই আমরা এখানে এসেছি। সবার সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।’ এদিকে অসীম কুমার উকিল জানান, শতবর্ষী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর সঙ্গে গতকাল তিনি দেখা করেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তির পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।