মহিউদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ শেখ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাদের মধ্যে দূরত্ব কমানোর জন্য আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গণভবনে চট্টগ্রামের নেতাদের নিয়ে বৈঠক করেন। বেলা সাড়ে ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত এ বৈঠক চলে।বৈঠক থেকে আজ আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী মহিউদ্দিনকে আওয়ামী লীগ সমর্থন জানায়। তিনি নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হয়েছেন।বৈঠক থেকে বেরিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘আমি তো মনে করি যে আওয়ামী লীগের মতো একটি বড় সংগঠনে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। এটাকে ঠিক ওইভাবে কোন্দল বলা যায় না। কিন্তু সেই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, তবে নির্বাচনে এর কোনো প্রভাব নেই। কারও মনে যদি কোনো ক্ষোভ-দুঃখ থাকে, এই বৈঠকের পর আমার মনে হয়, সেটা কেটে গিয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমাদের প্রার্থী, নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে। নেত্রী সমর্থনের কথা ব্যক্ত করেছেন।’এ ব্যাপারে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রার্থী হলে ক্ষোভ থাকবে, বিভিন্ন কথাবার্তা হয়ে থাকে। আওয়ামী লীগ একটা সংগঠন, যতই কথা বলুক না কেন, আজকে একই জায়গা থেকে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি সবাই ঐক্যমত হব। নেত্রী একটা দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর সেই নির্দেশনা নিয়ে আমরা চট্টগ্রামে যাচ্ছি। তাঁর নির্দেশ অনুযায়ী চট্টগ্রামে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি।’