চট্টগ্রামের নেতাদের সঙ্গে বৈঠক
মহিউদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের সব ভেদাভেদ ভুলে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চট্টগ্রামের দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকায় চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত নেতারাও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ কথা জানায়।বৈঠকে মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন চৌধুরী ছাড়াও চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা এবং চট্টগ্রামের দলীয় সাংসদেরা উপস্থিত ছিলেন। দলীয় নেতাদের মধ্যে বিরোধ নিরসনের জন্য প্রধানমন্ত্রী এ বৈঠক ডাকেন।সূত্র জানায়, বৈঠকে নেতারা মহিউদ্দিন চৌধুরীর পদ্ধতিগত ত্রুটির কথা তুলে ধরে তা সংশোধনের জন্য বলেন। নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন অতীতের ভুল স্বীকার করে সহকর্মী নেতাদের কাছে ক্ষমা চান।বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক হয়। সূত্র জানায়, বৈঠকে চট্টগ্রামের প্রবীণ নেতা এম ইসাহাক মিয়াকে মহিউদ্দিন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়। কমিটির অন্য সদস্যদের মনোনয়নের ব্যাপারে ইসাহাক মিয়াকে ক্ষমতা দেওয়া হয়। এ ছাড়া জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সোলায়মান শেঠের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত হয়। বৈঠকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে একটি স্টিয়ারিং কমিটি করার প্রস্তাব দেন। সূত্র আরও জানায়, বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, ভোলার উপনির্বাচন দলের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করেছে। একইভাবে চট্টগ্রামের নির্বাচনও দলের জন্য চ্যালেঞ্জ। তিনি বলেন, নেতাদের মধ্যে যতই যন্ত্রণা থাকুক, তা এই মুহূর্তে ভুলে একসঙ্গে কাজ করে নির্বাচনে জয়লাভ করতে হবে। সূত্র জানায়, বৈঠকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে গত সংসদ নির্বাচন থেকে সমস্যা প্রকট হয়েছে। তাঁর পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। যে কারণে তাঁর সঙ্গে নেতা-কর্মীদের দূরত্ব সৃষ্টি হয়। সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর জন্য অতীতেও কাজ করেছি। কিন্তু তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য হলো, কাজ ফুরালেই তিনি সবকিছু ভুলে যান।’ সাংসদ মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিকভাবে সবার একটা নীতি-আদর্শ থাকা দরকার। এ ছাড়া চট্টগ্রাম মহানগরের ভবিষ্যৎ নেতা এখন থেকেই তৈরি করতে হবে। আ জ ম নাছির বলেন, কাজের পরিবেশ মহিউদ্দিনকেই সৃষ্টি করে দিতে হবে।জবাবে মহিউদ্দিন চৌধুরী বৈঠকে বলেন, ‘কাজ করতে গেলে ভুল হতে পারে। তবে আমার কাজ জনস্বার্থবিরোধী ছিল না। অতীতে কেউ ভুল বুঝে থাকলে তা ক্ষমার চোখে দেখবেন। অঙ্গীকার করছি, ভবিষ্যতে আর সে ভুল হবে না।’ বৈঠকে উপস্থিত চট্টগ্রামের অন্য নেতারা এ সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, একমাত্র তাঁর (শেখ হাসিনা) নির্দেশেই তাঁরা একসঙ্গে কাজ করবেন। এ প্রসঙ্গে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেছেন, এ নির্বাচন আওয়ামী লীগের ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রার্থীকে জয়ী করে আনতে হবে।সূত্র জানায়, বৈঠকে প্রবীণ নেতা ইসাহাক মিয়া প্রধানমন্ত্রীকে জানান, তিনিও প্রার্থী। তিনি এখনো মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক আছে। মনোনয়ন আপনাকেই দিলাম। এখন আপনি মহিউদ্দিন চৌধুরীকে মনোনয়ন দিয়ে দেন।’ এ বক্তব্যে উপস্থিত অনেকেই হেসে ফেলেন।বৈঠক শেষে গণভবনের সামনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘নেত্রী মহিউদ্দিন চৌধুরীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন।’ দলের কোন্দল বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো বড় দলে কিছু কোন্দল বা ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে। তবে আমরা মনে করি, কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই দলীয় প্রার্থীকে বিজয়ী করা সম্ভব।’হানিফ জানান, বৈঠকে সবাই নাগরিক কমিটির তথা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। মহিউদ্দিন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইসাহাক মিয়া বলেন, ‘বৈঠকে অনেক কথাবার্তা ও আলোচনার পর সবাই এক হয়ে গেছি। এখন আর কোনো ক্ষোভ বা কোন্দল নেই। নেত্রী সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।’বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান খান কায়সার, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, কাজী ইনামুল হক, এম এ সালাম, মোসলেম উদ্দিন, ফজলে করিম চৌধুরী, চেমন আরা বেগম, আমিনুল ইসলাম, মাহতাব উদ্দিন চৌধুরী ও জাসদের মইনুদ্দিন খান বাদল।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাহবুবুল আলম হানিফ ও আহমদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।