চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র মোহাম্মদ মন্জুর আলম গতকাল মঙ্গলবার সকালে নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ-দলীয় দুজন কাউন্সিলর। মহিউদ্দিন নতুন মেয়রকে নিজের শোওয়ার ঘরে নিয়ে যান। সেখানে প্রায় ৪৫ মিনিট সময় কাটান তাঁরা। এ সময় চট্টগ্রামের উন্নয়নে মন্জুরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সাবেক মেয়র মহিউদ্দিন। মন্জুরের সঙ্গে যাওয়া নবনির্বাচিত দুই কাউন্সিলর হলেন বাগমনিরাম ওয়ার্ডের মো. গিয়াস উদ্দিন এবং দেওয়ান বাজারের হাসান মাহমুদ। এ দুজন গতবারও কাউন্সিলর ছিলেন। মহিউদ্দিন মেয়র থাকাকালে সিটি করপোরেশনের আওয়ামী লীগ-দলীয় যে ১১ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এ দুজন ছিলেন তাঁদের অগ্রভাগে। তাঁরা গতকাল সকালে মেয়র মন্জুরের সঙ্গে দেখা করতে তাঁর কাট্টলির বাসায় যান। সেখান থেকে মন্জুরের সঙ্গে তাঁরাও মহিউদ্দিনের বাসায় যান। মহিউদ্দিনের বাসায় মন্জুর কবে যাচ্ছেন, তা নিয়ে নির্বাচনের পরদিন থেকে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। অবশেষে নির্বাচনের চার দিন পর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মন্জুর গেলেন সাবেক মেয়রের চশমা হিলের বাসায়। মন্জুর যখন চশমা হিলের বাসায় পৌঁছান, তখন সামনের বৈঠকঘরে বসা ছিলেন মহিউদ্দিন। তিনি নবনির্বাচিত মেয়রকে শোবার ঘরে নিয়ে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান। এ সময় মন্জুরের সঙ্গে সেখানে ছিলেন তাঁর নিকটাত্মীয় ব্যবসায়ী এম এস আলম।মহিউদ্দিনের কক্ষে একান্তে বৈঠক শেষে মন্জুর সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করতে তাঁর (মহিউদ্দিন) পরামর্শ ও সহযোগিতা চেয়েছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি চট্টগ্রামবাসীকে বঞ্চিত করবেন না।’ তিনি বলেন, ‘আমি আজীবন তাঁকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। করপোরেশনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে।’ মন্জুর জানান, বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলাপ হয়। তিনি সিটি করপোরেশনের উপদেষ্টা কমিটিতে মহিউদ্দিনকে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে মন্জুর বলেন, ‘এবারের নির্বাচন একটি মডেল। দুজনের সাক্ষাতের ঘটনাটিও একটি শুভ চর্চা। প্রায় দুই বছর পর আমি মহিউদ্দিনের বাসায় এসেছি। ভবিষ্যতে আরও আসব।’তবে মন্জুরকে নিয়ে শোবার ঘর থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি মহিউদ্দিন। মন্জুর চলে যাওয়ার পর তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের কোনো প্রশ্ন না করার অনুরোধ করেন। অবশ্য তাঁর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দুই নেতা খুব হূদ্যতাপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান। বাবা নতুন মেয়রকে চট্টগ্রামের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’জিয়ার কবর জিয়ারত: মন্জুর আলম গতকাল দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলার রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি শামসুল আলম, আবুল হাশেম, আবু সুফিয়ান, উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, কবর জিয়ারত শেষে নেতারা ফেরার পথে সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি-দলীয় কমিশনার প্রার্থী আবুল হাশেমের লোকজন হালিশহর থানা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দীনের ওপর চড়াও হন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।হাশেম হালিশহর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। হাশেম ও তাঁর সমর্থকদের অভিযোগ, জামালের বিরোধিতার কারণে তিনি সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন। তবে জামাল অভিযোগ অস্বীকার করেন। তাঁরা দুজন নিকটাত্মীয় বলে জানা গেছে।