মহিউদ্দিনের মনগড়া সিদ্ধান্তে নগর আ.লীগ ধ্বংসের দ্বারপ্রান্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের একাংশের নেতারা মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক ওরফে দানুর নেতৃত্বে মেয়াদোত্তীর্ণ ও অপূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নেতা-কর্মীদের আস্থাশীল নতুন একটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন। চট্টগ্রাম মহানগরের চারটি নির্বাচনী এলাকায় এক লাখ নতুন সদস্য সংগ্রহের আবেদন ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নেতারা অভিযোগ করেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের একক ও মনগড়া সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিগত নির্বাচনে যাঁরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন, তাঁরা মহিউদ্দিন চৌধুরী ও ইনামুল হকের রোষানলে পড়েছেন।২০০৬ সালের ২৬ জুন নগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। তিন বছরের জন্য গঠিত ওই কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু নতুন কোনো কমিটি গঠন করা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম নগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নূরুল ইসলাম, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সদস্য জামশেদুর রহমান, আবদুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় সাতজন কাউন্সিলর তারেক সোলেমান, মো. গিয়াস উদ্দিন, রেহেনা বেগম, রেখা আলম চৌধুরী, আঞ্জুমান আরা বেগম, জাফর আলম চৌধুরী ও জালালউদ্দিন ইকবাল। সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম নিজেকে চট্টগ্রাম নগরের মেয়াদোত্তীর্ণ কমিটির সহসভাপতি দাবি করে বলেন, ২০০৬ সালের সর্বশেষ সম্মেলনে নগর সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাবেক মন্ত্রী এম এ মান্নান ও ইসহাক মিয়াকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। তাঁরা ২০ জনকে কমিটির জন্য মনোনীত করেন। গত বছরের জুনে এই প্রস্তাবিত কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। নূরুল ইসলাম বলেন, ‘দলীয় আদর্শবিরোধী অবস্থানের কারণে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কেন্দ্রকে অনুরোধ করেছি। আমরা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আলাদা প্রস্তাব পাঠাব। তবে প্রার্থী দেবে কেন্দ্র।’ তিনি বলেন, মহিউদ্দিন ও ইনামুল হকের মনগড়া ও একক সিদ্ধান্তের কারণে নগর আওয়ামী লীগ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। দুই ব্যক্তির একগুঁয়েমির ফলে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বিভক্ত। কেউ সভাপতির সঙ্গে দ্বিমত করলেই ‘তুই বাদ’ বলে তাঁকে সংগঠন থেকে বাদ দিয়ে অন্য কাউকে সে পদে বসিয়ে দেন। তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরের চারটি আসনে থানা ও ওয়ার্ড পর্যায়ের যাঁরাই নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন, তাঁদের স্বৈরাচারী কায়দায় বাদ দিয়ে নিজেদের পছন্দমতো সাংগঠনিক কাজে অপরিপক্ব কিছু লোককে তাঁরা দায়িত্ব দেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মহিউদ্দিন ও ইনামুল হকের ন্যক্কারজনক ভূমিকার কারণে নেতা-কর্মীরা তাঁদের ওপর আস্থা হারিয়েছেন। বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে যেসব নেতা কাজ করেছেন, তাঁরা এই দুজনের রোষানলে পড়েন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগকে একটি কোটারি সংগঠনে পরিণত করে কিছু নেতা-কর্মীকে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে। আবার যখন ইচ্ছে বাদ দেওয়া হচ্ছে। নেতা-কর্মীদের সঙ্গে তাঁরা তুচ্ছতাচ্ছিল্য আচরণ করেন। দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ে আজ বাতি পর্যন্ত জ্বালানোর লোক নেই। সংগঠনের সব কার্যক্রম পরিচালিত হয় মেয়রের বাসভবন থেকে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিগত নির্বাচনের আগে মেয়র মহিউদ্দিন সংগঠনের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে সামসুল আলমকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিতে গোপন ব্যালটের ভোটের বাক্স ছিনতাই করেন। নির্বাচনে মহিউদ্দিন ও ইনামুল নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন।সংবাদ সম্মেলনে নেতাদের অভিযোগ প্রসঙ্গে নগর কমিটির সাধারণ সম্পাদক ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘নগর আওয়ামী লীগ নিয়ে কথা বলার তাঁরা কারা? প্রয়োজন হলে তো কেন্দ্র নির্দেশ দেবে।’ সংবাদ সম্মেলনের আয়োজকদের বঙ্গবন্ধুর খুনিদের সমর্থক ও যুদ্ধাপরাধীদের অনুচর বলে অভিযোগ এনে ইনামুল হক বলেন, ‘আওয়ামী লীগ আর দলীয় সাংসদ এক কথা নয়। সাংসদ এম এ লতিফ (চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি) আওয়ামী লীগ করেন না। কিন্তু তিনি দলীয় সাংসদ। তাঁরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। শেখ হাসিনার জন্যও তাঁরা হুমকি।