মহিতুল গনি নির্বাচনে অংশ নিতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে টি আই এম মহিতুল গনিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেওয়ায় টি আই এম মহিতুল গনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এ স্থগিতাদেশের ফলে নির্বাচন কমিশনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচনের সিদ্ধান্তই বহাল থাকল। গতকাল টি আই এম মহিতুল গনির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এ ছাড়া মহিতুলের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত ও পরে এর বিরুদ্ধে করা আপিল খারিজের আদেশের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করা হয়। প্রার্থিতা বাতিল ও খারিজ আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে নির্বাচন কমিশনসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।হাইকোর্টের এ আদেশে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। নির্বাচন কমিশনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান অংশ নেন। আর মহিতুল গণির পক্ষে ছিলেন গনির পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ।গত ২৩ ডিসেম্বর আবদুর রাজ্জাকের মৃত্যুর পরে ২৯ ডিসেম্বর শরীয়তপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। আগামীকাল উপনির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়ার কথা। আগামী ১৫ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপনির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে আবদুর রাজ্জাকের ছেলে নাহিমকে মনোনয়ন দেওয়া হয়। বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আইন অনুযায়ী বাছাইয়ের সময় মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় ১৯ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন মহিতুল গনি। নির্বাচন কমিশন ২৩ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রাখেন। এ নিয়ে মহিতুল গনি হাইকোর্টে রিট আবেদন করেন।