মহিলা অধিদপ্তরে গাড়ির গড়াগড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা অধিদপ্তর চত্বরে দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকা গাড়িগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অধিদপ্তরের অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্পের জন্য নির্দিষ্টসংখ্যক গাড়ি বরাদ্দ থাকে। প্রকল্পের মেয়াদ শেষে অধিদপ্তর চাইলে গাড়িগুলো নিজ প্রয়োজনে রেখে দেওয়া অথবা সরকারি পরিবহন পুলে ফিরিয়ে দেওয়ার নিয়ম আছে। কিন্তু মহিলা অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের মেয়াদ শেষে এ নিয়ম না মানায় গাড়িগুলো নষ্ট হতে বসেছে।সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য থেকে জানা যায়, মহিলা অধিদপ্তরে সরকারি গাড়ি ব্যবহার ও হস্তান্তর নীতিমালা লঙ্ঘন করা এ ধরনের গাড়ির সংখ্যা ৩২টি। গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা প্রাডো, ডাইহাটসু রকি, মিতসুবিশি এল ৩০০, টয়োটা নোয়া, পাজেরো, হাইয়েস প্রভৃতি। ১৯৯০ সালে শেষ হওয়া ‘মহিলাদের আর্থসামাজিক প্রকল্প’-এর গাড়িও এসব তালিকায় রয়েছে। কয়েকটি প্রকল্পের গাড়ি কাউকে বুঝিয়ে না দিয়েই চলে গেছেন প্রকল্প পরিচালক।৩২টি গাড়ির মধ্যে গত জুনে নয়টি অকেজো ঘোষণা করে নিলামে বিক্রি করা হয়। পরিবহন পুলে আটটি গাড়ি জমা নেওয়ার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে গত জুলাই মাসে চিঠি দেওয়া হয়। ছয়টি অকেজো ঘোষণার জন্য বিআরটিএতে প্রক্রিয়াধীন আছে। নয়টির নিষ্পত্তির বিষয়ে অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।শিশু দিবাযত্ন কর্মসূচি (নিম্নবিত্ত) প্রকল্পটি শেষ হয় ২০০০ সালে। প্রকল্পটির দুটি গাড়ি, চালকসহ রাজস্ব খাতে যাওয়ায় গাড়ি দুটি অধিদপ্তরের টিওএন্ডইওভুক্ত করার কথা। অধিদপ্তর এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে কয়েকবার চিঠিও দেয়। অবশেষে মন্ত্রণালয় থেকে এপ্রিল মাসে গাড়ি দুটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ১৯৯৫ সালে শেষ হওয়া মহিলা সহায়তা কর্মসূচি (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের গাড়িটি পরিত্যক্ত ঘোষণা করা হয় গত এপ্রিলে।গাড়িগুলো কবে থেকে মহিলা অধিদপ্তরের চত্বরে পড়ে আছে, তাও এক বিশাল প্রশ্ন। সরেজমিনে দেখা যায়, কয়েকটি গাড়ির শুধু নাম্বারপ্লেট আছে। কয়েকটির ব্লু-বুক, হিস্ট্রি-বুকসহ অন্যান্য কাগজপত্র না থাকায় নিলামও করা যাচ্ছে না। কয়েকটি মেরামতের উপযোগী থাকলেও বাকিগুলো মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। মেরামত খাতে কোনো বাজেট না থাকায় গাড়িগুলো ফেরত নেওয়ার জন্য চিঠি দিলেও সংস্থাপন মন্ত্রণালয় রাজি হচ্ছে না। অকেজো গাড়ি পরিবহন পুলও জমা নেবে না বলে জানিয়ে দিয়েছে। তাই এসব গাড়ির ভাগ্য এখন আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে।সূত্র জানায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকেই গাড়ির বিষয়টি আলোচিত হয়। পরবর্তী সময়ে কয়েকটি বৈঠকে এসব গাড়ির দায়িত্বে থাকা প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া গাড়িগুলো সরকারি পুলে জমা না দিয়ে অধিদপ্তরে ফেলে রাখার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ প্রথম আলোকে বলেন, ‘গাড়িগুলোর এত খারাপ অবস্থা যে সেগুলোর মূল্যও নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ছাড়া কাগজপত্র নেই, প্রকল্প পরিচালকদেরও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি গরিব দেশে শুধু অবহেলা ও আমলাতান্ত্রিক জটিলতায় এতগুলো গাড়ি নষ্ট হয়ে যে আর্থিক ক্ষতি হলো, তা খুবই দুঃখজনক। বিষয়টিকে একটি নিয়মের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।’সূত্রমতে, গত ১৩ জুলাই প্রকল্প পরিচালকদের পূর্ণাঙ্গ ঠিকানাসহ তালিকা জমা দেওয়ার জন্য মহিলা অধিদপ্তরকে মহিলাবিষয়ক মন্ত্রণালয় চিঠি দিয়েছে। অধিদপ্তরের গ্রামীণ মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প শেষ হয়েছে ২০০৭ সালে। প্রকল্প পরিচালক ছিলেন বেগম শামসুন্নাহার। অধিদপ্তরের দেওয়া নথি অনুযায়ী, প্রকল্প শেষে তিনি গাড়ি অধিদপ্তরকে বুঝিয়ে দেননি। গাড়িটি অকেজো ও মেরামতের অযোগ্য। বর্তমানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে গাড়িটি পরিত্যক্ত ঘোষণা করে নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।একটি প্রকল্পের পরিচালক মজনুনুল হক বিশ্ব খাদ্য সংস্থার কাছ থেকে একটি মাইক্রোবাস ও দুটি টয়োটা জিপ নিয়েছিলেন। অধিদপ্তর থেকে খাদ্য কর্মসূচিকে গাড়ি তিনটি ফেরত নেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও ফেরত নেওয়া হয়নি বা চিঠির উত্তর দেওয়া হয়নি। গাড়িগুলোর রেজিস্ট্রেশন না থাকায় বিশেষ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণার জন্য বিআরটিএকে গত মার্চে চিঠি দেওয়া হয়। এখনো তাদের সিদ্ধান্ত পাওয়া যায়নি।সমাপ্ত খাদ্যনিরাপত্তাহীন দরিদ্র নারীদের উন্নয়ন প্রকল্প শেষ হয় ২০০৪ সালে। প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়াধীন থাকায় এ প্রকল্পের জিপ, মাইক্রোবাসসহ মোট চারটি গাড়ি অধিদপ্তরের মাঠে ফেলে রাখা হয়। পরবর্তীকালে পরিবহন পুলে জমা দিতে চিঠি দেওয়া হলেও গাড়িগুলো সচল না থাকায় পরিবহন পুল জমা নেয়নি। মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণকেন্দ্র, রাজশাহী প্রকল্পটি শেষ হয়েছে দুই বছর আগে। এর পরিচালক মেহেরুন্নেসা চৌধুরী প্রকল্প শেষে পিকআপটি অধিদপ্তরকে বুঝিয়ে দেন। গাড়িটি রাজস্ব খাতের সাংগঠনিক কাঠামোভুক্ত একটি গাড়ির বিপরীতে ব্যবহারের অনুমোদন পাওয়া যায়। পরবর্তীকালে নতুন গাড়ি কেনায় প্রকল্পের গাড়িটি পরিবহন পুলে ফেরত দিতে চিঠি দেওয়া হয়। গাড়িটি মেরামত সাপেক্ষে ব্যবহার করা যাবে।শিশু উন্নয়ন: শিশু পাচার প্রতিরোধ সমন্বিত কর্মসূচি প্রকল্প শেষ হয়েছে ২০০৪ সালে। প্রকল্প শেষে প্রকল্পের তিনটি জিপ অধিদপ্তরে জমা দেওয়া হয়। ২০০৮ সালে পরিবহন পুলকে চিঠি দেওয়া হয়। কিন্তু গাড়িগুলো সচল না থাকায় পরিবহন পুল জমা নেয়নি। পুনরায় চিঠি দেওয়া হয়েছে। জ্বালানি তেলের অভাবে অব্যবহূত থাকার কারণে গাড়িগুলো অকেজো হয়ে আছে। তবে এখনো সেগুলো মেরামতযোগ্য।কর্মকর্তাদের আইনগত প্রশিক্ষণ প্রকল্পের জিপটি মন্ত্রণালয়ের অনুমোদনে দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়। পরে তা অকেজো হয়ে গেলে ২০০৬ সালে পরিত্যক্ত ঘোষণার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। মহিলা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাড়িটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছে এবং শিগগিরই নিলামে বিক্রি করা হবে।২০০৪ সালে শেষ হওয়া এমআইএস প্রকল্পের পরিচালক মো. জহুরুল হককে মোট চারটি গাড়ি ও গাড়ির কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। এ প্রকল্প পরিচালকসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে।মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, অধিদপ্তরের প্রকল্পের গাড়িগুলো নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম হয়ে আসছে। অধিদপ্তরের ক্যাম্পাসে এখনো ২০টির মতো গাড়ি পড়ে আছে। অনেক গাড়ির নাম্বারপ্লেট নেই। কিন্তু এগুলোর বিষয়ে অধিদপ্তর একক সিদ্ধান্তও নিতে পারে না। সব মিলিয়ে বিষয়টি বিষফোড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। তবে সমস্যার সমাধানে বর্তমানে নজরদারি বাড়ানো হয়েছে।