ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে মামলা, একজনের বাড়িতে আগুন
মহিলা আওয়ামী লীগ নেতার ঘরে ঢুকে ছেলেকে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছাত্রলীগের কর্মী রাসেল মিয়াকে (২৪) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত করেছে তাঁর মা কাঞ্চন পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সামসুন্নাহার বেগমকে। সোমবার দিবাগত রাতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা রাসেলকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মায়ের সামনে কোপায় ও গুলি করে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়ক তিন ঘণ্টা অবরোধ করে এলাকাবাসী। রাতে কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগের ১০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেছেন সামসুন্নাহার।সামসুন্নাহার বেগম গতকাল সাংবাদিকদের বলেন, সোমবার রাত পৌনে ১১টার দিকে কাঞ্চন পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সফিকুল ইসলাম, আবুল হোসেন, নয়নসহ একদল সন্ত্রাসী পিস্তল, রামদা, চাপাতিসহ তাঁর ছোট ছেলে রাশিদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে ঘরে ঢোকে। রাশিদুলকে না পেয়ে বড় ছেলে রাসেলকে তাঁর সামনেই টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে এবং এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ছেলেকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তাঁর ডান হাতে গুলি করে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, সন্ত্রাসীরা রাসেলকে এলোপাতাড়ি কোপানোর পর কয়েকটি গুলি ছোড়ে। এর মধ্যে তাঁর পিঠে দুটি গুলি লাগে। সামসুন্নাহারের ডান হাতে গুলিবিদ্ধ হয়। পরে লোকজন রাসেল ও তাঁর মাকে উদ্ধার করে ভুলতা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।অবরোধ-বিক্ষোভ: রাসেলের হত্যাকারী-দের গ্রেপ্তারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত উপজেলার কাঞ্চন কালাদি এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। এলাকাবাসী সড়কে টায়ার জ্বালিয়ে দফায় দফায় মিছিল করে। সকাল আটটার দিকে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। সাড়ে আটটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা: রূপগঞ্জ থানার ওসি বলেন, রাসেলের মা সামসুন্নাহার বাদী হয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাঞ্চন পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক রবিউল, সফিকুল ইসলাম, আবুল হোসেন, নয়নসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ছাত্রলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ব্যাপারে ওসি বলেন, রাত সাড়ে আটটার দিকে কে বা কারা কাঞ্চন পৌরসভায় ছাত্রলীগ নেতা রফিকুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি।