মহিলা দলের কমিটিতে পুরুষ নেতাদের আত্মীয়
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে দেলোয়ারা বেগম দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুকের মেয়ে তামান্না ফারুক পেয়েছেন প্রচার সম্পাদকের পদ। তাঁদের মতোই মহিলা দলের রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও শুধু বাবার পরিচয়ে কমিটিতে স্থান পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন।অবশ্য মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার দাবি, জয়নাল আবদিন বা খোন্দকার দেলোয়ারের মেয়ে বলে কাউকে কমিটিতে স্থান দেওয়া হয়নি। তিনি বলেন, ‘নোয়াখালীতে যখন কমিটির কাজে আমি গিয়েছি, তখন জয়নাল আবদিনের মেয়ে আমাদের সহায়তা করেছিলেন। সেই সময় তিনি রাজনীতিতে আসতে চাওয়ায় তাঁকে পদ দেওয়া হয়েছে। খোন্দকার দেলোয়ারের মেয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমোদনের পর গত সোমবার রাতে মহিলা দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন রাজনীতিতে থেকেও কমিটিতে স্থান পাননি কিংবা কম গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, মহিলা দলের এমন কয়েকজন এই কমিটির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন।মহিলা দলের গঠনতন্ত্র অনুযায়ী ১০১ সদস্যের কমিটি গঠনের বিধান থাকলেও ৩৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে বিএনপির কোনো অঙ্গসংগঠনের এত বড় কমিটি হয়নি। কমিটি সম্পর্কে জানতে চাইলে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘নতুন কমিটি নিয়ে আমি সন্তুষ্ট। কিছু সমস্যা হয়তো আছে। এগুলো পুনর্মূল্যায়ন করা হবে।’ তিনি বলেন, ‘যাঁরা ওই ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁরা নানা সময় দলকে সাহায্য করেছেন।’গুরুত্বপূর্ণ পদে আত্মীয়দের ছড়াছড়ি: কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের বোন ইসরাত মির্জা পেয়েছেন সমাজকল্যাণ সম্পাদকের পদ। বিএনপির নেতা শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজও একই পদ পেয়েছেন। রাবেয়া সিরাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। আরেক সহসভাপতি শামসুন্নাহার কাশেম খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের খালাশাশুড়ি। প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার একান্ত সহকারী সচিব ছিলেন ডিউক। বিএনপির ফরিদপুর জেলা সভাপতি শাহাজাদা মিয়ার স্ত্রী ইয়াসমীন আরা হক পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায় হয়েছেন সাংস্কৃতিক সম্পাদক। মহিলা দলের এক নেতা প্রথম আলোকে বলেন, মূল দলের নেতাদের আত্মীয়স্বজন রাজনীতিতে আসতে চেয়েছেন, তাই শুরুতেই তাঁদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছে। অথচ যাঁরা এত দিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের অনেককে পদ দেওয়া হয়নি।সভাপতি নিয়ে বিতর্ক: সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন নূরে আরা সাফা। তিনি বয়সের কারণে অনেক দিন দলের কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। তার পরও তাঁকে মহিলা দলের সভাপতি করা হয়েছে। বিএনপি ও মহিলা দলের কয়েকজন নেতা জানান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের আত্মীয় নূরে সাফা। তাই তাঁকে সভাপতি করা হয়েছে।বিএনপির এক নেতা বলেন, কেবল আত্মীয়তার পরিচয়ে বিএনপির কমিটিতে স্থান পাওয়ার অনেক নজির আছে। তবে নূরে আরা সাফা দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর অনেক বয়স হয়েছে। এ অবস্থায় তাঁর পক্ষে রাজপথে ভূমিকা রাখা কষ্টকর হবে। এর ফলে সংগঠনের ওপর সাধারণ সম্পাদক শিরিন সুলতানার কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। অবশ্য শিরিন সুলতানা বলেন, নূরে আরা একজন ভালো রাজনীতিবিদ। দল পরিচালনায় তাঁর পরামর্শ কাজে লাগবে। শিরিন সুলতানার পছন্দের প্রাধান্য: দলীয় সূত্রগুলো জানায়, নতুন কমিটির কোষাধ্যক্ষ সাইদা আক্তারের সংগঠনের সঙ্গে ন্যূনতম সংযোগ ছিল না। তিনি মহিলা দলের সদস্য পর্যন্ত নন। কেবল শিরিন সুলতানার পছন্দের কারণে তাঁকে পদ দেওয়া হয়েছে। অনেক জ্যেষ্ঠ নেতাকে টপকে চমন আরা পেয়েছেন সহসভাপতির পদ। রাশেদা বেগম দীর্ঘদিন এনজিওর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অতি সম্প্রতি পুনরায় রাজনীতিতে সম্পৃক্ত হয়েই চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হয়েছেন তিনি। অভিযোগ আছে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও শিরিন সুলতানা এই কমিটি গঠন করেছেন। সেলিমা রহমান প্রথম আলোকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন যাঁকে যোগ্য ও দক্ষ মনে করেছেন, তাঁদের মহিলা দলের নেতৃত্ব দিয়েছেন। এখানে আমার কিছু বলার নেই। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততাও নেই।’ শিরিন সুলতানা বলেন, ‘আমার পছন্দে কমিটি হয়েছে—এ কথা ঠিক নয়। বিএনপির চেয়ারপারসনই কমিটি গঠন করেছেন।’ত্যাগীরা বঞ্চিত: সাবেক সাংসদ নূরজাহান ইয়াসমিন, আসিফা আশরাফি পাপিয়া, ফেরদাউস আক্তার ওয়াহিদা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী, শাম্মী আক্তার, জাহান পান্না, ফাহিমা হোসেন জুবলি, রেজিনা ইসলাম, নিহার সুলতানা, রোজী কবির, খোদেজা এমদাদসহ অনেককেই কমিটিতে যথাযথ পদ দেওয়া হয়নি। নতুনদের চেয়ে কম গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় তাঁদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন।জানতে চাইলে ফাহিমা হোসেন বলেন, ‘এভাবে অবমূল্যায়ন করা হবে ভাবিনি।’ সাংসদ আসিফা আশরাফি বলেন, খালেদা জিয়া কমিটি দিয়েছেন। তাই কেমন কমিটি হয়েছে, সে ব্যাপারে মন্তব্যের প্রয়োজন নেই।