মহিলা মার্কেট হওয়ায় নারী ব্যবসায়ীদের দিন বদলেছে
রংপুরের পীরগাছা উপজেলার কান্দিবাজারের ভ্রাম্যমাণ দোকানি জমিলা, আমেনা ও ছারভান বেওয়াকে এখন আর রোদ-বৃষ্টি-ঝড়ে আতঙ্কে থাকতে হয় না। তাঁদের এখন দিন বদলে গেছে। তাঁরা কান্দিবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মিত মহিলা মার্কেটে স্থায়ীভাবে দোকানঘর বরাদ্দ পেয়েছেন। ওই মার্কেটে আটজন অসহায় মহিলাকে ব্যবসার উদ্দেশ্যে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ২০০৯-১০ অর্থবছরে ৫৭ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে কান্দিরহাট বাজার উন্নয়নে শেড এবং মহিলা মার্কেট নির্মাণ করা হয়। ওই মার্কেটে অসহায় মহিলা ব্যবসায়ীদের জন্য আটটি আধাপাকা দোকান করা হয়। বাজারের অসহায় মহিলা দোকানি যাঁরা খোলা আকাশের নিচে ভ্রাম্যমাণ অবস্থায় বেচাকেনা করতেন, তাঁদের ওই দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। মহিলা দোকানি আমেনা বেগম জানান, আগে বাজারে খোলা আকাশের নিচে বসে চা-বিস্কুট ও পান বিক্রি করেছেন। এখন দোকান বরাদ্দ পেয়েছেন। তাই রোদ-বৃষ্টি-ঝড়ে এখন আর ভিজতে হয় না তাঁদের। কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানান, মহিলা মার্কেটে অসহায় মহিলা ব্যবসায়ীরা বেশ ভালোভাবেই ব্যবসা করছেন।উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম জানান, দ্বিতীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নারী ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে মহিলা মার্কেটটি করা হয়েছে। এ ছাড়া বাজারে বিভিন্ন ব্যবসার জন্য পাঁচটি শেড ঘর নির্মাণ ও বিভিন্ন অলিগলি পাকা করা হয়েছে।