মহীউদ্দীন আলমগীরের সংসদ সদস্যপদ বাতিল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ বাতিল করে চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার কমিশন বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।শামসুল হুদা বলেন, ‘মহীউদ্দীন খান আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজই (বুধবার) আসন এ-সংক্রান্ত বিশেষ গেজেট করে তা ছাপাখানায় পাঠানো হবে এবং গেজেট আজকের তারিখেই হবে। দু-তিন দিনের মধ্যে গেজেটের কপি আমরা হাতে পেয়ে যাব। এরপর গেজেটের কপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হবে।’সিইসি জানান, উপনির্বাচনে মহীউদ্দীন খান প্রার্থী হতে পারবেন। কারণ যে মামলায় তাঁর সাজা হয়েছিল, উচ্চ আদালত তাঁকে সেই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। সাংবিধানিক বিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে পুনরায় নির্বাচন হবে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি বিধিমালার আওতায় অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হয়েছিল তাঁর। এ কারণে ২০০৮ সালের ৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ম খা আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি কমিশনে আপিল করলে ওই বছরের ৮ ডিসেম্বর তা খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে রিট করেন। ওই বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্ট সেই আবেদন খারিজ করেন। হাইকোর্টের আদেশ স্থগিতাদেশ চেয়ে তিনি আপিল বিভাগে যান। ১৮ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। সেই সঙ্গে লিভ টু আপিল (আপিলের অনুমতি) দায়ের করতে বলেন।হাইকোর্টের আদেশ স্থগিত থাকায় সংসদ নির্বাচনে অংশ নেন ম খা আলমগীর। এক লাখ সাত হাজার ৪৬১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এহছানুল হক মিলন পান ৮০ হাজার ৮৭২ ভোট।এর আগে গত ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন ভোলা-৩ আসনের আরেক সরকারদলীয় সাংসদ জসিম উদ্দিনের আসন শূন্য ঘোষণা করে। হলফনামায় ভুল তথ্য দেওয়ায় তাঁর আসন শূন্য ঘোষণা করা হয়।মহীউদ্দীন খানের আপিলের ওপর শুনানি শেষে গত ১৫ জুলাই রায় দেন আপিল বিভাগ। মহীউদ্দীন খানের মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।যে মামলায় সাজা হয়: ২০০৭ সালের ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন তিন কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহীউদ্দীন খানের বিরুদ্ধে মামলা করে। ওই বছরের ২৬ জুলাই এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন। মহীউদ্দীন খান এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। গত বছরের ১৩ জুলাই এক রায়ে হাইকোর্ট তাঁকে অব্যাহতি দেন। এর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর আপিল দায়ের করে দুদক। শুনানি শেষে এ বছরের ৪ জুলাই আপিল বিভাগ দুদকের লিভ টু আপিল খারিজ করে দেন। ফলে মহীউদ্দীন খান সাজার দায় থেকে অব্যাহতি পান।মহীউদ্দীন খান দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।সদস্যপদ নিয়ে মামলা: জানা যায়, সাংসদদের সদস্যপদের বৈধতা নিয়ে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক ও ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আজম খানের সদস্যপদের বৈধতা-সম্পর্কিত মামলা হাইকোর্টে বিচারাধীন। এই দুজনই পৌরসভা চেয়ারম্যানে পদে থেকে নির্বাচন করেছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের (আরপিও) বিধান অনুযায়ী সরকারের লাভজনক পদে থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যায় না।এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সাংসদ নাসরিন জাহানও পৌরসভা চেয়ারম্যানের পদে থেকে নির্বাচন করেছিলেন। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামার সঙ্গে শিক্ষার সনদ জমা দেননি। এ বিষয়ে নির্বাচন কমিশন রুহুল আমিনকে নোটিশ দিলে তিনি তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। কমিশন এতে পক্ষভুক্ত হয়। এ মামলাটিও বিচারাধীন। এ ছাড়া টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আবুল কাশেম ও নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সদস্যপদ হাইকোর্ট খারিজ করেন। অভিযোগ, তিনি ব্যাংক ঋণ ও টেলিফোন বিল খেলাপি। দুই সাংসদই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। কচুয়ায় মিশ্র প্রতিক্রিয়া: আসন শূন্য ঘোষণায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী জানান, ‘আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল, দলীয়ভাবে উপনির্বাচনে যাঁকে প্রার্থী দেওয়া হবে, আমরা তাঁর পক্ষে কাজ করব।’কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল আবেদীন সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া এহছানুল হক মিলনকে বিজয়ী ঘোষণার দাবি জানান। বিএনপির মহিলা দলের সহসভানেত্রী ও মিলনের স্ত্রী নাজমুন নাহারও একই দাবি জানান।