মহীউদ্দীন খান আলমগীরের আসন শূন্য ঘোষণা
জাতীয় সংসদে চাঁদপুর-১ আসনে সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়েছে। আদালতের রায় পর্যালোচনা করে নির্বাচন কমিশন (ইসি) আজ বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে। পরে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।এ টি এম শামসুল হুদা বলেন, আদালতের নির্দেশনা অনুসারে মহীউদ্দীন খান আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের পর তা স্পিকারকে অবহিত করা হবে। বিধান অনুযায়ী শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন হবে। মহীউদ্দীন খান আলমগীর যে মামলায় সাজা পেয়েছিলেন, সেই মামলা থেকে উচ্চ আদালত তাঁকে অব্যাহতি দেওয়ায় তিনি উপনির্বাচনে প্রার্থী হতে পারবেন।প্রসঙ্গত, গত ১৫ জুলাই সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। জরুরি বিধিমালার আওতায় অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ২০০৮ সালের ৩ ডিসেম্বর মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ওই বছরের ৮ ডিসেম্বর তা খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে রিট আবেদন করলে একই বছরের ১৫ ডিসেম্বর তাও খারিজ হয়। হাইকোর্টের ওই আদেশ ওই বছরের ১৮ ডিসেম্বর স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর তিনি নির্বাচনে অংশ নেন।২০০৭ সালের ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) তিন কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে মামলা করে। ওই বছরের ২৬ জুলাই এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে এক রায়ে হাইকোর্ট তাঁকে অব্যাহতি দেন। এর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর আপিল করে দুদক। আপিল বিভাগ দুদকের লিভ টু আপিল খারিজ করে দিলে তিনি ওই সাজার দায় থেকে অব্যাহতি পান।