মহীউদ্দীন খান আলমগীরের দুই ছেলের সাজার রায় বাতিল
মহীউদ্দীন খান আলমগীরের দুই ছেলে জালাল আলমগীর ও জয় আলমগীরের বিরুদ্ধে সম্পদের বিবরণীর মামলার সাজার রায় বাতিল করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট একটি বেঞ্চ তাঁদের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।আদালতে জালাল আলমগীর ও জয় আলমগীরের পক্ষে রফিক-উল হক ও শাহ মঞ্জুরুল হক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আবদুল আজিজ খান মামলা পরিচালনা করেন।শাহ মঞ্জুরুল হক বলেন, সম্পদের বিবরণী জমা না দেওয়ায় তাঁদের দুজনকে নিম্ন আদালত তিন বছরের সাজার রায় দিয়েছিলেন। হাইকোর্ট তাঁদের সাজার রায় বাতিল করেছেন।জানা যায়, ২০০৮ সালের ২৬ জুন সম্পদের বিবরণী দাখিল না করায় দুদক জালাল আলমগীর ও জয় আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় একই বছরের ৫ নভেম্বর বিশেষ জজ আদালতের রায়ে তাঁদের তিন বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। মামলা দায়ের যথাযথ হয়নি দাবি করে গত বছরের জুলাইয়ে এ দুজনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। এই রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় আদালত রুল জারি করেন। এই রুলের শুনানি শেষে আজ বিকেল সাড়ে চারটার দিকে আদালত রায় দেওয়া শেষ করেন। জালাল ও জয় দুজনেই বর্তমানে বিদেশে অবস্থান করছেন।