মহেশখালী-কক্সবাজার রুটে অনির্দিষ্টকালের নৌপরিবহন শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী ও কক্সবাজারের মধ্যে ফেরি পারাপারে নিয়োজিত নৌপরিবহন শ্রমিকেরা আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। গতকাল রোববার বিকেলে পুলিশি অভিযানের নামে বাড়ি ভাঙচুর করার প্রতিবাদে তাঁরা আজ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে স্থানীয় লোকজন পারাপার হতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছে।শ্রমিকেরা জানান, গতকাল দুপুরে উপজেলার গোরকঘাটা বাজারে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা আতা উল্লাহ ও ইয়াছিরের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। তখন তিনজন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়। পরে হামলাকারীদের গ্রেপ্তারের নামে বিকেলে পুলিশ গোরকঘাটা বাজারের সিকদারপাড়ায় পাঁচটি বাড়ি ভাঙচুর করে। আজ এরই প্রতিবাদে নৌপরিবহন শ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন।তবে বাড়ি ভাঙচুরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এখন অভিযোগ থেকে রেহাই পাওয়ার জন্য পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও অহেতুক অভিযোগ এনে শ্রমিক নামধারী কিছু ব্যক্তি মহেশখালী ও কক্সবাজারের মধ্যে নৌ চলাচল বন্ধ রেখেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।