মহেশখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গতকাল বৃহস্পতিবার রাতে ওসমান গনি (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তেরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওসমান কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার কালারমারছড়া বাজারের পশ্চিম পাশে নিজ অফিসে বসে কাজ করছিলেন ওসমান। এ সময় প্রতিপক্ষ সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন তাঁর অফিসে হামলা চালায় এবং তাঁকে অফিস থেকে বের করে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে দুর্বৃত্তেরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওসমানের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এদিকে, ওসমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত দুইটার দিকে তাঁর দলের লোকজন ও উত্তেজিত জনতা প্রতিপক্ষ জিয়া বাহিনীর লোকজনের অন্তত ২৫টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এ ঘটনার পর গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ মামুন ও জাফল আলম নামের দুই যুবককে আটক করেছে পুলিশ ।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হলেও অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। তবে, পরবর্তী সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।