মহেশখালীতে উপজেলা জামায়াতের আমিরসহ ৬ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর (দক্ষিণ) আমির মোহাম্মদ জাকের হোসেনসহ ছয় কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে মহেশখালীর বিচারিক হাকিম একটি রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো ওই জামায়াত কর্মীরা হলেন, মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর (দক্ষিণ) আমির জাকের হোসেন, মোহাম্মদ আক্তার হোসেন, শফিউল আলম, শহিদুল ইসলাম, আবদুস সালাম ও নুরুল হক। মহেশখালী আদালতের রেকর্ড কর্মকর্তা (জিআরও) উজ্জ্বল কান্তি দাশ প্রথম আলো অনলাইনকে বলেন, এই আসামিরা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। কিন্তু পুলিশ এই মামলায় অভিযোগপত্র দাখিল করলে তাঁদের জামিন বাতিল হয়। এ কারণে ওই মামলায় জামিন নেওয়ার জন্য আজ দুপুরে তাঁরা আদালতে হাজির হন। কিন্তু বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।