মহেশখালীতে জামায়াতের নেতাকে গুলি করে হত্যা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শনিবার গভীর রাতে জামায়াতে ইসলামীর নেতা আবুল কাসেমকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর (দক্ষিণ) আমির মোহাম্মদ জাকের হোসেন প্রথম আলোকে জানান, আবুল কাসেম ছোট মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। মহেশখালী থানার পুলিশ সূত্রে জানা যায়, বন বিভাগের জমির দখল নিয়ে উপজেলার লম্বাঘোনা গ্রামের কাসেমের সঙ্গে একই এলাকার আবুল হাসেমের বিরোধ চলছিল। গত শনিবার গভীর রাতে হাসেম তাঁর দলবল নিয়ে কাসেমের বাড়ির কাছের ওই জমি দখল করতে যান। বিষয়টি টের পেয়ে কাসেম তাঁর লোকজন নিয়ে বাধা দেন। এতে উভয় পক্ষের সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে কাসেম নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত পরিবারকল্যাণ কর্মকর্তা মাহফুজুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁদের মধ্যে আবুল কাসেম মৃত ছিলেন। গুলিবিদ্ধ আবুল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কাসেমের স্ত্রী রাবেয়া বেগম অভিযোগ করেন, জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ হাসেম দলবল নিয়ে গভীর রাতে তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। তিনি দাবি করেন, কাসেমকে বাঁচাতে গিয়ে আবুল হোসেন, নুর হোসেন ও আবদুস সামাদ গুলিবিদ্ধ হন। তবে স্থানীয় লোকজন জানান, সংঘর্ষে কাসেম নিহত ও হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। দায়ের কোপে আহত অন্য দুই ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আবুল হাসেম ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, বন বিভাগের জমির দখল নিয়ে কাসেমের সঙ্গে একই এলাকার হাসেমের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বন বিভাগের জমি বেদখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে কাসেম নিহত হন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে ঢাকা মহানগর জামায়াতের নেতা ও স্থানীয় সাংসদ হামিদুর রহমান গতকাল বিকেলে কাসেমের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান।