মহেশখালীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে একজন নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার রাত দুইটার দিকে ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গিয়াস উদ্দিন ওরফে সোনাইয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমানসহ পুলিশের চার সদস্য আহত হন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়ার দাবি, গিয়াস উদ্দিন এলাকার চিহ্নিত ডাকাত এবং তাঁর বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলা রয়েছে। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, গতকাল রাত দুইটার দিকে উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মহুরীঘোনা এলাকায় গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল ডাকাত ভারী অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে পার্শ্ববর্তী মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ ওই এলাকা গিয়ে ডাকাতদের ধরার জন্য অভিযান চালায়। কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে গিয়াস উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্য এএসআই আবদুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, তুষার চৌধুরী ও মোহাম্মদ রাসেল আহত হন। মহেশখালী থানার ওসি রণজিত কুমার বড়ুয়া বন্দুকযুদ্ধে গিয়াস উদ্দিন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।