মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রধান সড়ক গোরকঘাটা বাজার এলাকায় আজ রোববার তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে বাজারের প্রায় ৩০০ দোকানপাট বন্ধ রয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান (৪৯), কনস্টেবল এমরান হোসেন (৩২), গাড়ির হেলপার আবুবক্কর (২৫), গাড়িচালক ছব্বির আহমেদ (৩২) ও পথচারী শফিউল আলম (৬৫)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহেশখালীর শ্রমিকনেতা আতাউল্লাহ তাঁর আরেক সঙ্গী রুহুলকে নিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে যায়। এ সময় আরেক শ্রমিকনেতা ইয়াসির সেখানে রুহুলকে অশালীন কথা বলে লাঞ্ছিত করেন।পরে আতাউল্লাহ তাঁর পক্ষের লোকজন নিয়ে বাজারে এসে সব দোকানপাট বন্ধ করে দেন। এ সময় পুলিশ স্থানীয় লোকজন নিয়ে আতাউল্লাহর লোকজনকে ধাওয়া করে। এতে তারা পুলিশ ও এলাকাবাসীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সদস্য, পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ এ সময় সাতটি ফাঁকা গুলি করে।মহেশখালীর সহকারী উপজেলা কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কক্সবাজার থেকে অতিরিক্ত পুলিশ আনা হচ্ছে।