মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
জমি নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় বিরোধপূর্ণ জমি এলাকায় ১৪৪ ধারা জারি করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ শতক জমি নিয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের মোহাম্মদ আলী ও মোহাম্মদ সিদ্দিকের মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সালিসি বৈঠক হয়। কিন্তু স্থানীয় বিচার মোহাম্মদ আলী মেনে নেননি। আজ সকালে মোহাম্মদ সিদ্দিক তার লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ মোহাম্মদ আলীর লোকজন এতে বাধা দেন। এক পর্যায়ে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে বলে ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানিয়েছেন।দুপুর একটায় মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ কয়েকটি বাড়িতে অভিযান চালালেও ঘটনার সঙ্গে জড়িত উভয়পক্ষের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বিরোধপূর্ণ জমিতে যাতে কোনো পক্ষ পুনরায় যেতে না পারে, তার জন্য ওই জমিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।