মহেশখালীতে পুলিশ-জামায়াতকর্মী সংঘর্ষে পাঁচ পুলিশ আহত
কক্সবাজারের মহেশখালীতে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন।রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াতের তিনজন স্থানীয় কর্মীকে গ্রেপ্তার করে থানায় আনার পথে তাঁদের ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে জামায়াতের কর্মীরা হামলা চালান। তখন উভয় পক্ষে সংঘর্ষ হয়। এ ঘটনায় আজ শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।পুলিশের আহত সদস্যরা হলেন মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইউসুফ, কনেস্টেবল গোলাম মোস্তফা, গণরায় নেপালি ও অশিত চাকমা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট উপজেলার শাপলাপুর বাজারে জামায়াতের কর্মীরা রাষ্ট্র, সংবিধান ও সরকারবিরোধী লিফলেট বিতরণ করেন।এ ঘটনায় সেদিনই রাতে শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিচ বাদী হয়ে মহেশখালী থানায় জামায়াতের ১৩ জন কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের বিষয়ে মহেশখালী থানার পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে একটি আবেদন করে। গতকাল সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অভিযোগটি মহেশখালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়।গতকাল রাত আটটার দিকে শাপলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি সিরাজুল হক, মাওলানা আবু সুফিয়ান ও আবদুল কাদেরকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের থানায় নিয়ে আসার পথে জামায়াতের কর্মীরা শাপলাপুর নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে সড়কে অবরোধ এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পুলিশ তাঁদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের পাঁচজন সদস্য আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।