মহেশখালীতে যুবলীগ ও জাতীয় পার্টির সংঘর্ষে আহত ২০
কক্সবাজারের মহেশখালীতে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় পৌর টোল আদায়কে কেন্দ্র করে উপজেলা যুবলীগ ও জাতীয় পার্টির মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় উপজেলা যুবলীগের অফিস ও ৪৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম ও যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার গোরকঘাটা জিপ স্টেশনে পৌর টোল আদায়কালে উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলমের ভাতিজা মুকুল আহমদকে যুবলীগের কর্মীরা বাধা দেয় এবং টোল আদায়ের রসিদ কেড়ে নেয়। পরে পৌর টোল ইজারাদার মুকুল এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেন।বিকেল সাড়ে চারটায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম জিপ স্টেশনে গেলে উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহজাহানের সঙ্গে তাঁর তর্কবিতর্ক হয়। এ সময় দুই পক্ষের মারামারিতে শামসুল আলম ও তাঁর ছেলে মোহাম্মদ খোকনসহ (২৫) মোট ১০ জন আহত হয়। অপরপক্ষে যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহজাহানসহ ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহতদের প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এদিকে ঘটনার জের ধরে বিকেল সাড়ে পাঁচটায় শামসুল আলমের লোকজন জিপ স্টেশনে এসে হামলা চালিয়ে অন্তত ৪৫টি গাড়ি ভাঙচুর করে। এ সময় উপজেলা যুবলীগের অফিসও ভাঙচুর করে। গাড়ি ভাঙচুর করায় বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যায় সাড়ে সাতটা পর্যন্ত উপজেলা সদরের সকল যান চলাচল বন্ধ ছিল। মহেশখালী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শওকত হোসেন প্রথম আলোকে জানিয়েছেন। এ ঘটনার পর আদালত চত্বর ও জিপ স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহেদুল হক চৌধুরী গতকাল সন্ধ্যায় ও আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।