মহেশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলার গহিন অরণ্যে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দিদারুল আলম ওরফে দিলদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, দিদারুল ডাকাত দলের সদস্য। আজ রোববার সকাল সাতটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।পরে র্যাব ডাকাতদের পাহাড়ি আস্তানা থেকে আটটি আগ্নেয়াস্ত্র ও ১০টি কার্তুজ উদ্ধার করে।র্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম র্যাব-৭-এর ১৫ সদস্যের একটি দল আজ সকালে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানায় অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দিদারুল মারা যান এবং অন্যরা পিছু হটে। পরে র্যাব সদস্যরা ডাকাতদের আস্তানা থেকে দুটি একনলা বন্দুক, একটি থ্রি কোয়াটার রাইফেল, পাঁচটি এলজি, একটি রামদা, ১০টি কার্তুজ উদ্ধার করে।র্যাব দাবি করে, আত্মরক্ষার্থে তাঁরা পাল্টা ১৫টি গুলি ছোড়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ কুমার বড়ুয়া প্রথম আলো অনলাইনকে বলেন, দিদারুল চিহ্নিত ডাকাত। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র, ধর্ষণ, ডাকাতিসহ অন্তত আটটি মামলা রয়েছে।