মহেশখালীতে হাতির তাণ্ডব, লোকজনকে সরতে মাইকিং
কক্সবাজারে মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে লোকজনকে সরে যেতে আজ শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বন্য হাতির তাণ্ডবের আশঙ্কায় এই মাইকিং করা হয়।সেখানে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত একটি বন্য হাতি ১২টি বসতবাড়ি ভাঙচুর করেছে।এতে আবুল হোছাইন (৯৫) নামের এক বৃদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে হোছাইনসহ কালা বাশি (৩৫), আবু বক্কর (৪০), কামাল হোসেনকে (৩১) মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপকূলীয় বন বিভাগ মহেশখালী রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সদরের নাপিতখালী এলাকা থেকে গত বৃহস্পতিবার ভোরে একটি বন্য হাতি সাগর পাড়ি দিয়ে মহেশখালী উপজেলার মুদিছড়া পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। পরে হাতিটি আজ ভোরে পাহাড়ি এলাকা থেকে উপজেলার গোরকঘাটা, সিকদারপাড়া ও চরপাড়া এলাকায় অবাধে বিচরণ করার সময় এক বৃদ্ধসহ অন্তত আটজন পথচারী আহত হয়। সকাল থেকে বন্য হাতিকে পুলিশ পাহারায় পাহাড়ি এলাকায় রাখা হয়েছে।মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বন্য হাতিটি নিয়ে যাওয়ার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে খবর দেওয়া হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।