মহেশখালীতে ১৪৪ ধারা জারি
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চবিদ্যালয় মাঠ এলাকায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে একই সময়ে দুটি নাগরিক কমিটি অনুষ্ঠানের আয়োজন করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন এ আদেশ জারি করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শাপলাপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আজ বিকেলে বশির আজাদের নেতৃত্বে এলাকার লোকজন নাগরিক কমিটির ব্যানারে চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরীর সংবর্ধনার আয়োজন করে। একই স্থানে একই সময়ে স্থানীয় চেয়ারম্যানের প্রতিপক্ষ আবদুল হকের নেতৃত্বে আরেকটি নাগরিক কমিটির উদ্যোগে চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় ইউপি নির্বাচন বন্ধ করার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।