মহেশপুর ও শিবগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে গতকাল সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। হতাহত ব্যক্তিরা গরুর ব্যবসায়ী বলে জানা গেছে।নিহত ব্যক্তিরা হলেন: মহেশপুরের লড়াইঘাট গ্রামের হঠাৎপাড়ার আক্কাস আলীর ছেলে বাহার আলী (২৫) ও শিবগঞ্জের হাজারবিঘী গ্রামের রবু মণ্ডল (৩৫)। আহত আলতাফ হোসেন (২৮) লড়াইঘাটের বাসিন্দা। লড়াইঘাট গ্রামের লোকজন জানান, বাহার আলী ও আলতাফ হোসেন গরু আনতে গত রোববার ভারতে যান। গরু কিনতে না পেরে ভোর পাঁচটার দিকে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। ওই সীমান্তের সাত নম্বর পিলারের কাছে এলে ভারতের ছুটিপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে বাহার আলী নিহত ও আলতাফ হোসেন আহত হন। বিএসএফ বাহারের লাশ ভারতে নিয়ে যায়। অন্যদিকে আলতাফ আহতাবস্থায় বাংলাদেশ সীমান্তে চলে আসে। পরে লোকজন তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুলতান আহম্মদ জানান, বিএসএফের গুলিতে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে লাশ ফেরতের জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক জায়েদ হোসেন জানান, গরু আনতে রবু মণ্ডল ভোর পাঁচটার দিকে উপজেলার চৌকা সীমান্তের ১৭৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। বিএসএফের সবদেলপুর ক্যাম্পের সদস্যরা রবুকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বিএসএফের সদস্যরা তাঁর লাশ নিয়ে যায়। বিডিআর কর্মকর্তা জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত পেতে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।