মহেশপুরে বধ্যভূমির জায়গা বিএনপি নেতার দখলে
শহীদ মুক্তিযোদ্ধা আবদুল হাইকে নির্যাতনের পর মাটির নিচে পুঁতে রাখে পাকিস্তানি হানাদার বাহিনী। পুঁতে রাখা হয় নেছার উদ্দিন, হাসমত আলী, ফয়েজ মণ্ডল, আবদুল গনি, তেঁতুল মিয়া, তাজ উদ্দিন, আবদুল আজিজসহ ঝিনাইদহের মহেশপুরের অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে। হাসপাতালসংলগ্ন জায়গাটিতে কয়েক হাজার মানুষকে গণকবর দেওয়া হয়। বর্তমানে সেই জায়গায় চলছে কলা-কচুর চাষ। স্থানীয় বিএনপি নেতা সাবেক সাংসদ শহিদুল ইসলাম জায়গাটি কৌশলে দখলে নিয়ে চাষাবাদ করছেন।মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের দীর্ঘদিনের দাবি, এই বধ্যভূমিটি সংরক্ষণ করা হোক। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ এই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছে। ইউএনও আবুল কালাম আজাদ জানিয়েছেন, ইতিপূর্বে ইউএনওর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছিল। কিন্তু সেই কমিটির কার্যকারিতা বর্তমানে নেই। তবে তারা নতুন করে উদ্যোগ নিয়েছে।স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধারা জানান, মহেশপুর হাসপাতালের ভেতর ছিল পাকিস্তানিদের প্রধান ক্যাম্প। এখানে বিভিন্ন এলাকা থেকে কয়েক শ মুক্তিকামী মানুষকে ধরে এনে নির্যাতন করে হত্যা করা হয়। এরপর ওই স্থানটিতে তাঁদের মৃতদেহ পুঁতে রাখা হতো। সেখানে দুজন তালিকাভুক্ত শহীদও রয়েছেন। মুক্তিযোদ্ধারা জানান, যুদ্ধের সময়কার কথা মনে করে ওই স্থানের বাসিন্দারাও দূরে গিয়ে বাড়ি বানিয়েছেন। অথচ সেই জায়গাটি কৌশলে হাতিয়ে নিয়েছেন বিএনপিদলীয় স্থানীয় সাবেক সাংসদ শহিদুল ইসলাম। তিনি ও তাঁর পরিবারের অন্য সদস্যদের নামে ক্রয় দেখিয়ে জমিটি দখল করে রেখেছেন।ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম জানান, হাসপাতালের পাশের ওই জায়গায় শুয়ে আছেন ৪০০-৫০০ মুক্তিকামী মানুষ, যাঁরা দেশের পক্ষে কথা বলে এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে পাকিস্তানিদের অমানুষিক নির্যাতনের স্বীকার হয়েছেন। হাসপাতালের অভ্যন্তরে পাকিস্তানি ক্যাম্পে নির্যাতনের পর হত্যা করে পাশেই হিন্দু পাড়ার একটি গর্তে তাঁদের পুঁতে রাখা হতো। যেখানে তালিকাভুক্ত শহীদ মুক্তিযোদ্ধা আবদুল হাই ও সামছুর রহমানকেও পুঁতে রাখা হয়েছে। স্বাধীনতার পর বধ্যভূমির পাশের বাসিন্দারা বাড়িঘর ভেঙে সরে গিয়ে অন্য স্থানে বাড়ি বানিয়েছেন। ফলে জায়গাটি পড়েই ছিল। কিন্তু বিগত জোট সরকারের সময় এলাকার সাবেক সাংসদ শহিদুল ইসলাম জায়গাটি ক্রয় করেছেন বলে দখলে নেন।ওই এলাকার বাসিন্দা সনাতন দাস জানান, শিবে দাস নামে তাঁদের এক ভাই মারা গেছেন। জমিটি তাঁর ভাগে ছিল। পরে তাঁরা জানতে পেরেছেন, শিবে দাস ওই জায়গাটি সাংসদ শহিদুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজনের কাছে বিক্রি করে গেছেন। গত চার-পাঁচ বছর ওখানে চাষাবাদ হচ্ছে। যুদ্ধের সময় এই স্থানে মানুষকে নির্যাতন করতে দেখেছেন। যুদ্ধের পর ফিরে এসে জঙ্গলের মধ্যে গাছে মানুষ ঝুলতে দেখেছেন। গোবিন্দ দাস জানান, হাসপাতালের পাশের গোটা জায়গায় অসংখ্য মানুষকে হত্যা করে পুঁতে রাখে পাকিস্তানি বাহিনী। এখনো এখানে সামান্য মাটি খুঁড়লেই মানুষের হাড়-কঙ্কাল পাওয়া যায়। তাঁরা লাশের ওপর থাকতে চাননি, তাই বাড়িঘর ভেঙে দূরে চলে গেছেন বলে জানান। তাঁরা ওই জায়গাটি বিক্রি করতেও চাননি। কিন্তু পরে জানতে পেরেছেন, জায়গাটি শিবে দাস বিক্রি করেছেন। এখন জায়গাটি পরিত্যক্ত নেই, সেখানে চাষাবাদ হচ্ছে। গড়ে তোলা হয়েছে কলা-কচুর বাগান। গোবিন্দ দাস জানান, এখনো এই স্থানে অনেকে এসে কান্নাকাটি করেন। আবার অনেকে এসে মোনাজাত করেন। গণকবর হিসেবে মুক্তিযোদ্ধারা মালাও দিয়েছেন কয়েক বছর।প্রসঙ্গত, যে স্থানটি গণকবর হিসেবে মুক্তিযোদ্ধারা, প্রতিবেশী ও অনেক শহীদের সন্তানেরা শনাক্ত করেন এবং যেখানে মানুষের হাড়-কঙ্কাল পাওয়া যায়, সে জায়গা সম্পর্কে স্থানীয় ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, মহেশপুর উপজেলার ১৩৮ নম্বর খতিয়ানের হাল দাগ ৮৮৭, ৫৭৬ ও ৫৮০ নম্বরে এক একর ২৬ শতক জমি রয়েছে, যা সাবেক সাংসদ শহিদুল ইসলাম, তাঁর মা আলফাতুন্নেছা, ভাই জাহিদুল ইসলাম ও জিল্লুর রহমানের নামে রয়েছে। এ ছাড়া হাল ৫৮০ বাটা ১৫২৬ দাগে ১৫ শতক জমি রয়েছে ভালাইপুর গ্রামের জনৈক আবদুল কাদের মালিথার নামে।হামিদপুর গ্রামের তোতা মণ্ডল জানান, এখানে তাঁর বাবার কবর রয়েছে। এত কবর সংরক্ষণ হলো, কিন্তু তাঁর বাবার কবরটি সংরক্ষণ করা হলো না। যখন ওই স্থানে চাষাবাদ হয়, তখন তাঁদের কষ্ট হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আরও জানান, সাবেক সাংসদ এটি দখল করে রাখলেও ক্ষমতায় থাকার কারণে এত দিন উদ্ধার নিয়ে কথা বলতে তাঁরা ভয় পেয়েছেন। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁরা উপজেলা পরিষদের এক সভায় দাবি তুললে তৎকালীন ইউএনও আবি আবদুল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটির তিনি নিজেও সদস্য ছিলেন। কিন্তু কমিটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বর্তমানে ওই কমিটির কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, নতুন করে লিখিত আবেদন করেছেন। ইউএনও বিষয়টির ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।ইউএনও আবুল কালাম আজাদ জানান, এই উপজেলায় যোগদানের পর বিষয়টি তিনি জানতে পারেন। ইতিমধ্যে তিনি সরেজমিনে ওই স্থানে গিয়েছিলেন এবং খোঁজখবর নিয়ে জেনেছেন, জায়গাটি সাবেক সাংসদ শহিদুল ইসলামের। তিনি বলেন, জায়গাটির স্মৃতি রক্ষার্থে সামাজিক উদ্যোগ নিয়ে সংরক্ষণ করা হবে। এ জন্য জমির মালিকের কাছে জমিটি চাওয়া হবে। তিনি দান করলে মুক্তিযোদ্ধারা উপকৃত হবেন, না করলে ক্রয় করার উদ্যোগ নেওয়া হবে। সে ক্ষেত্রে ব্যর্থ হলে অধিগ্রহণের প্রক্রিয়া করা হবে।এ ব্যাপারে স্থানীয় সাবেক সাংসদ শহিদুল ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করে পাওয়া যায়নি। তবে তাঁর পরিবারের সদস্য ভাতিজা ফারুক হোসেন জানান, এটা মালিকানা সম্পত্তি। হিন্দুসম্প্রদায়ের লোকজনের কাছ থেকে তাঁরা ক্রয় করেছেন, যে কারণে তাঁরা চাষাবাদ করছেন। বধ্যভূমি হিসেবে সরকার কোনো পদক্ষেপ নিলে তাঁরা পারিবারিকভাবে আলোচনা করে সে ব্যাপারে পদক্ষেপ নেবেন।