মা ইলিশ ও কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আজ শুক্রবার সকালে মত্স্য বিভাগ প্রায় চার মণ মা ইলিশ ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। মাছগুলো পরে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিলি করা হয়। এদিকে চরাঞ্চলের গ্রামে গোপনে ইলিশ মাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গোয়ালন্দ উপজেলা মত্স্য কর্মকর্তা সেলিম সুলতান জানান, থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মত্স্য বিভাগ ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার উজানচর, কর্ণেশনা ও দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের চার মণ ডিমওয়ালা ও ছোট ইলিশ এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের দুই হাজার মিটার লম্বা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাছগুলো স্থানীয় আলজামিয়া নিজামিয়া মাদ্রাসায় ও রাজবাড়ীর একটি এতিম খানায় বিলি করা হয়। এদিকে উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোতে গোপনে কিছু অসাধু জেলে ইলিশ ধরে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার জামতলা এলাকায় সকালে গোপনে ঝুড়ির ওপর পাঙাস মাছ রেখে ভেতরে জাটকা ইলিশ ২২০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এ সময় মাছের বিক্রেতা কুব্বাত হোসেন জানান, নদী থেকে কম দামে তারা ইলিশ মাছ কিনে গোপনে বিক্রি করছেন। উজানচর বকারটিলা গ্রামের ইউছুপ হোসেন বলেন, ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ হওয়ার পর প্রায়ই ভোররাতের দিকে জেলেরা গ্রাম ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন। ভোর পাঁচটার দিকে তিনি নিজেও ২৫০ টাকা কেজি দরে তিন কেজি ইলিশ মাছ কেনেন। এ প্রসঙ্গে উপজেলা মত্স্য কর্মকর্তা সেলিম সুলতান জানান, ‘খবর পাওয়া মাত্র অভিযান চালানো হচ্ছে। তবে গোপনে দুর্গম গ্রামাঞ্চলের কোথাও কেউ ইলিশ বিক্রি করে থাকলে এ ক্ষেত্রে করারই বা কী আছে? এ ব্যাপারে সবাই সচেতন হলে এসব ঘটনা ঘটত না।’