মা এখনো বাসভাড়া দিতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প বয়সে বিয়ে হয়েছিল তাঁর। এরপর কোলে এল প্রথম সন্তান। একে একে জন্ম হলো আরও সাত সন্তানের। কিন্তু তাঁর লেখাপড়া থেমে থাকল না। স্বামীর সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে সাহায্য করল। তাঁর স্বামী মুহাম্মদ আবদুর শাকুর ছিলেন ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক। তিনিও পেশা হিসেবে বেছে নিলেন শিক্ষকতা পেশাকে। একটা অদ্ভুত মিল রয়েছে এই পরিবারে। মা-বাবার আট সন্তানের মধ্যে সাতজনই শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। বলছিলাম ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আখতার মাহমুদা খাতুনের কথা। মাহমুদা খাতুন বলেন, ‘সফল মা হলে কষ্টের দিনগুলোর কথা মনে থাকে না। এখন মাঝেমধ্যে ভাবি, কীভাবে এত দূর এসেছি। প্রতিষ্ঠিত সন্তানের মা হওয়ার অনুভূতিই আসলে অন্য রকম। আমার স্বামী ও আমি সহনশীল প্রকৃতির। যেকোনো সমস্যা হলে দুজন মিলে মোকাবিলা করেছি। আমার সন্তানেরা মেধাবী ছিল। এ জন্য তাদের কোনো গৃহশিক্ষক দেওয়ার প্রয়োজন হয়নি। কোনো সমস্যা হলে ওরা বাবার কাছে দেখিয়ে নিত। কখনো কখনো আমিও পড়াতাম। সন্তানেরা কোনো আবদার করত না আমাদের কাছে। সাধ্যের মধ্যে তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছি। সন্তানদের সব ধরনের দেখভাল আমাকেই করতে হতো। তবে আমার স্বামী সব সময় সমর্থন দিয়েছেন। তা না হলে হয়তো এতগুলো সন্তানকে মানুষ করতে পারতাম না। সন্তান হিসেবে ওরাও নিজেরা চেষ্টা করেছে। বিয়ের আগে আমার বাবা, আর বিয়ের পরে শাশুড়ি খুব সহযোগিতা করেছেন। যেহেতু আমরা দুজনই কর্মজীবী ছিলাম। আমার অবর্তমানে শাশুড়িই ওদের দেখাশোনা করতেন।’মাহমুদা খাতুনের বড় ছেলে মাহমুদ হাসান বর্তমানে ইংল্যান্ডে নিউক্যাসলে নর্থ হ্যামব্রিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ছিলেন। কথা হয় দ্বিতীয় ছেলে তানভীর হাসানের সঙ্গে। তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক। বললেন, ‘আমাদের সব বিষয়ে মা তদারক করতেন। বড় ভাইবোনেরা ছোটদের পড়া দেখিয়ে দিতেন। কখনো কোনো সমস্যা হলে মা-বাবা আমাদের বুঝতে দেননি। যেমন ভালোবাসতেন, তেমন শাসন করতেন তিনি। মনে আছে, অষ্টম শ্রেণী পর্যন্ত মায়ের সেলাই করা কাপড় পরেছি। এখনো মা শীতে উলের সোয়েটার তৈরি করে পাঠান। সব সন্তানের কাছে মা অনেক গর্বের। কিন্তু আমাদের মা একজন সফল মানুষ, সফল মা।এই অনুভূতি যে কী রকম, তা বোঝানো যাবে না। মজার বিষয় হলো, মা এখনো আমাদের ছোট ভাবেন। ময়মনসিংহে বেড়াতে গেলে ফেরার সময় জিজ্ঞাসা করেন, বাসভাড়া আছে কি না। এমন মায়ের সন্তান হতে পারা সৌভাগ্যের ব্যাপার।’ছোট ছেলে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। মাহমুদা খাতুনের বড় মেয়ে দিলআফরোজ মাহবুবা, দ্বিতীয় মেয়ে শরীফা সুলতানা—দুজনই শিক্ষকতা পেশায় আছেন। তৃতীয় মেয়ে শামীমা সুলতানা শিশুরোগ বিশেষজ্ঞ। আরেক মেয়ে শাহীদা সুলতানা কলেজে অধ্যাপনা করছেন। ছোট মেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।ফাতেমা আখতার মাহমুদা খাতুন বলেন, ‘কর্মজীবন থেকে অবসর নিয়েছি প্রায় ১১ বছর আগে। চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছি। কিন্তু এ রোগ শরীরকে কাবু করলেও মনকে কাবু করতে পারেনি। ছেলেমেয়ে ও নাতি-নাতনি নিয়ে অনেক ভালো আছি। নাতি-নাতনিরাও সবাই মেধাবী। সব মিলিয়ে মনে হয়, জীবনটা আসলে সুখের।’