মা ও তাঁর বন্ধুকে আসামি করে অভিযোগপত্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সামিউল হত্যা মামলায় মা আয়েশা হুমায়রা ও তাঁর বন্ধু শামসুজ্জামানকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র এ মাসেই জমা দেওয়া হবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত প্রায় শেষ করে ফেলেছে। তৃতীয় দফায় ১৪ দিনের রিমান্ড শেষে আয়েশাকে আজ আদালতে পাঠানো হবে।সামিউল হত্যা মামলার তদারকি কর্মকর্তা ও পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, শামসুজ্জামান একাই সামিউলকে খুন করেছেন। আয়েশা হুমায়রা এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ না নিলেও প্ররোচনা দিয়েছেন। তাই অভিযোগপত্রে তাঁর নামও থাকবে।তদন্তকারী সূত্র জানায়, নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৪ জুন শিশু সামিউলের বস্তাবন্দী লাশ উদ্ধার হয় তাদের বাসার কাছে একটি ফাঁকা জায়গা থেকে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ওই দিনই সামিউলের মা আয়েশাকে গ্রেপ্তার করা হয়। পরে আয়েশার বন্ধু শামসুজ্জামান, তাঁর স্ত্রী সাথী ও ভাই নুরুজ্জামান গ্রেপ্তার হন। শামসুজ্জামান গত বুধবার আদালতে দ্বিতীয় দফায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। আদালতকে বলেছেন, তিনি একাই সামিউলকে অপহরণের পর জুসের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাইয়ে দেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করেন এবং লাশ বস্তায় ভরে নবোদয় হাউজিংয়ে তাদের বাসার প্রায় ১০০ গজ দূরে ফাঁকা জায়গায় ফেলে দেন।এর আগে শামসুজ্জামান এ হত্যাকাণ্ডে আয়েশাকে জড়িয়ে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তারা বলেন, ওই জবানবন্দিতে শামসুজ্জামানের তথ্যের গরমিল ছিল। শামসুজ্জামান এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী সাহান হক জানান, শামসুজ্জামানের সঙ্গে আয়েশার দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রথম দফায় আদালতে দেওয়া জবানবন্দিতে শামসুজ্জামান সরাসরি খুনে ফাঁসাতে চেয়েছিলেন আয়েশাকে। তবে এ খুনের সঙ্গে সাথী ও নুরুজ্জামানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। অভিযোগপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তেও সাথী ও নুরুজ্জামানের সম্পৃক্ততা পাওয়া গেলে তা যুক্ত করা হবে।তদন্ত কর্মকর্তা জানান, শামসুজ্জামান ও সাথী ইয়াবা ব্যবসা ও সেবনের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। আজ রোববার আয়েশাকে রিমান্ড শেষে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে। দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড শেষে সাথী এখন কারাগারে আছেন। নুরুজ্জামানও কারাবন্দী। আর কাউকে রিমান্ডে নেওয়া হবে না বলে জানান তদন্ত কর্মকর্তা শাহান হক। গতকাল শনিবার পুলিশ সামিউল হত্যা মামলায় তার বাবা কে আর আজমের সাক্ষ্য নিয়েছে। এ হত্যাকাণ্ডের আগে-পরে সার্বিক বিষয়ে সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আজমকে পাঠানো হবে। আজম প্রাণনাশের আশঙ্কায় গতকাল আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে বলা হয়, শামসুজ্জামান ও সাথীর সহযোগীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।আজম গতকাল প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে অনেক প্রশ্নের জবাব মিলছে না। ১৯ জুন পর্যন্ত শামসুজ্জামানের সঙ্গে আয়েশার সম্পর্কের বিষয়টি তিনি জানতেন না। তিনি মনে করেন, হত্যাকাণ্ডে শামসুজ্জামানের স্ত্রী সাথী জড়িত ছিলেন। তাঁর স্ত্রী আয়েশারও পরোক্ষ সমর্থন ছিল। কারণ নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর সামিউলের লাশ পাওয়া যায়। এর আগে আয়েশা সন্দেহভাজন অপহরণকারীদের নাম জানালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হয়তো সামিউলকে জীবিত উদ্ধার করতে পারতেন।