‘শূন্যের তো কোনো দাম নেই, তাহলে ‘শূন্য নম্বর’ থাকে কেন? যখন শূন্য ছিল না তখন মানুষ ১০০ কীভাবে লিখত? পড়তে বসলে ঘুম পায় কেন? সৌরজগৎ থেকে যদি সূর্য বিলুপ্ত হয়ে যায়, তাহলে গ্রহগুলোর কী হবে?’শীতের পড়ন্ত দুপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানবিষয়ক এমন কঠিন ও মজার মজার প্রশ্ন, আর নানা আয়োজনে গতকাল শুক্রবার উৎসবমুখর হয়ে উঠেছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠ। সেখানে বসেছিল নবম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের ঢাকা অঞ্চলের উৎসব।উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রত্যয় জানাল গণিত, মা ও দেশকে ভালোবাসার, দিনবদলের গাড়িটিকে ঠিক রাস্তায় রাখার। শপথ নিল মাদক, মিথ্যা আর মুখস্থকে ‘না’ বলার।ঢাকা অঞ্চলের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো উৎসবের আঞ্চলিক পর্ব। এ বছর নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য জাতীয় গণিত দল নির্বাচনের লক্ষ্যে ঢাকাসহ সারা দেশে ১৩টি আঞ্চলিক উৎসবের আয়োজন করা হয়। আঞ্চলিক উৎসবগুলোতে বিজয়ীদের নিয়ে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বসবে ‘জাতীয় গণিত উৎসব’। সেখান থেকে নির্বাচন করা হবে জাতীয় গণিত দল।ঢাকা অঞ্চলের উৎসবে যোগ হয়েছে একটি নতুন মাত্রা। প্রথমবারের মতো অনুষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রথম আলোর ওয়েবসাইটে সারা বিশ্বের হাজার হাজার মানুষ উৎসব উপভোগ করেছে।গতকাল সকালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল খালেক এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন । এ সময় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালসহ দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—এ চারটি বিভাগে ঢাকার ১৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজার ৪৮৪ জন শিক্ষার্থী উৎসবে অংশ নেয়। এর মধ্যে চার বিভাগে মোট ১০১ জন বিজয়ী হয়। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় উৎসবের মূল পর্ব ‘গণিত অলিম্পিয়াড’। একাধিক সমস্যা দেওয়া হয় শিক্ষার্থীদের। সমাধানের সময় এক ঘণ্টা ১৫ মিনিট। সবচেয়ে কঠিন এ পর্বে শিক্ষার্থীরা ছিল গুরুগম্ভীর।এ পর্ব শেষে শুধু আনন্দ আর আনন্দ। সমস্যা সমাধানের আনন্দ, উৎসবের আনন্দ, নতুন বন্ধুত্ব গড়ার আনন্দ, নাচ গান উপভোগের আনন্দ। আনন্দের শুরু কথাসাহিত্যিক ও প্রথম আলোর উপ সম্পাদক আনিসুল হকের গল্প দিয়ে। এরপর দেশাত্মবোধক গান, নাচ, আবৃত্তি, নাটিকা, রম্য বিতর্কসহ নানা আয়োজন পুরো মাঠে ছড়িয়ে দেয় উৎসবের আমেজ।এরপর বিরতি দিয়ে শুরু হয় গণিত ও বিজ্ঞানবিষয়ক জিজ্ঞাসা পর্ব। এ পর্বে শিক্ষার্থীরা উদগ্রীব ছিল প্রশ্ন করার জন্য। যেন একটি প্রশ্ন করার জন্য তারা সারা দিনও হাত তুলে রাখতে রাজি। শুধু কেন আর কেন? খুদে গণিতবিদদের এতসব কেনর জবাব দিতে মঞ্চে ছিলেন গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল, ড. কায়কোবাদ, অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুৎফুজ্জামান, মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক আবদুল হাকিম, গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুর রহমান, প্রযুক্তিবিদ সাহাদাৎ উল্লাহ প্রমুখ। তাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রশ্নোত্তর পর্ব শেষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, গণিতে ভালো করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। গণিতচর্চা করতে হবে। শুধু পড়ালেখা করলেই হবে না, মা এবং মায়ের মতো করে নিজের দেশকে ভালোবাসতে হবে। প্রতিদিন দেশের জন্য ভালো কাজ করতে হবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ বদল ঠিক রাস্তায় ধরে রাখতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, তামিম শাহরিয়ার, সুব্রত দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ওয়াটার রকেট উৎক্ষেপণ করে।