মা ও মেয়েকে থানায় নির্যাতনের ঘটনায় রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় মা ও মেয়েকে থানায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। একই সঙ্গে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই ঘটনায় তাঁর ভূমিকা জানাতে ১৬ অক্টোবর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পুলিশ কমিশনার, ডিআইজি খুলনা রেঞ্জ, এসপি ও এএসপি (কুষ্টিয়া সার্কেল) এবং খোকসা থানার ওসিকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ২৮ সেপ্টেম্বর ‘প্রথম আলো’ পত্রিকায় ‘৫৪ ধারা, খুনের মামলা, তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আজ এটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ফাহিমা নাসরিন। আদালতে তিনি ‘প্রথম আলো’য় প্রকাশিত প্রতিবেদনটি পড়ে শোনান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। পরে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, আদালত রুল জারির পাশাপাশি সংশ্লিষ্ট থানার ওসিকে তাঁর ভূমিকা জানাতে ১৬ অক্টোবর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।মানববন্ধন: কুষ্টিয়া অফিস জানায়, পুলিশি হেফাজতে মা ও কলেজছাত্রী মেয়েকে নির্যাতনের প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মডেল থানার সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অধিকারের কর্মীদের সঙ্গে বিভিন্ন নারী ও ছাত্রসংগঠন, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, কেবল সন্দেহের বশে মা ও মেয়েকে জিজ্ঞাসাবাদের নামে পুলিশি হেফাজতে সপ্তাহ ধরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় যেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, তার যথাযথ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এই দাবি আদায়ে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পৌরসভার মেয়র আনোয়ার আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘যদি এই নির্যাতনের ঘটনা সত্য হয়ে থাকে, তবে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এই মানববন্ধনে একাত্মতা ঘোষণা করছি।’মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, বাসদের কুষ্টিয়া জেলা সমন্বয়ক শফিউর রহমান, উত্তরণ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক তাজনিহার বেগম, ফেয়ারের আইন কর্মকর্তা কামরুন্নাহার।প্রসঙ্গত, কুমারখালী উপজেলার তিন হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে প্রথমে খোকসা থানায় এবং পরে কুষ্টিয়া পুলিশ লাইনে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীসহ পরিবার ও আত্মীয়স্বজনেরা এ অভিযোগ করেন। এ নিয়ে ‘৫৪ ধারা, খুনের মামলা, তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন!’ শিরোনামে গত ২৮ সেপ্টেম্বর ‘প্রথম আলো’য় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।এদিকে, আজ দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, ‘আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, এসব (মা-মেয়ে নির্যাতন) ঘটনায় কুষ্টিয়া জেলা পুলিশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। তিন হত্যার ঘটনায় আমরা অনেক কিছু পেয়েছি; এখনই তা আপনাদের কাছে তুলে ধরতে পারি, কিন্তু এখন দিলে বড়দের ধরতে পারব না। আমি আপনাদের অনুরোধ করব, আমাদের সবার স্বার্থে এটা নিয়ে আমরা কেউ যেন বাড়াবাড়ি না করি। আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না; বরং মানুষকে উপকার করি। এই তিন হত্যার পরে পুলিশ সুপারসহ আমরা সিনিয়র পুলিশ মিলে একটানা ৪৮ ঘণ্টা কাজ করেছি।’জয়নুল আবেদীন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সত্য প্রকাশ করুন। আমি যদি জড়িত থাকি, তাহলে আমাকে নিয়ে লিখুন, কোনো সমস্যা নেই। কিন্তু মিথ্যা লিখবেন না।’