মা ও মেয়ের অন্য রকম অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির বয়স নয়। সে চোখে দেখে না, কানে শোনে না, এমনকি কথাও বলতে পারে না। পৃথিবীর আলো, রং আর সুর সম্পর্কে কোনো ধারণাই নেই তার। সে কেবল বসে থাকে, আর মায়ের অপেক্ষা করে। বলিউডের সঞ্জয় লীলা বনসালির ব্ল্যাক চলচ্চিত্রের সেই মিশেল ম্যাকনেইল নয়। আমাদের রাজধানীর এক প্রান্তে এভাবে বড় হচ্ছে আবেদা। চলচ্চিত্রের সেই মিশেলের সঙ্গে তার কেবল অসুস্থতার মিল। মিশেলের মতো ধনীর ঘরে জন্ম হয়নি তার। আবেদার মা শরিফা বেগম গৃহপরিচারিকার কাজ করেন। বাবা আফজাল মিয়া একজন রাজমিস্ত্রি। শ্যামলীর আদাবরে ছোট্ট এক কামরার ঘরে থাকে ওরা। মিশেলের মতো ওরও ছোট একটি বোন আছে, নাম আফসানা। মিশেলের অন্য কোনো অসুখ ছিল না। আবেদার ধরা পড়েছে হূদযন্ত্রের অসুখ। দ্রুত অস্ত্রোপচার করার কথা বলেছেন জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা। শরিফা বেগমের দীর্ঘশ্বাস পড়ে, ‘মাইয়্যাটারে বাঁচাইতে পারমু তো? আমি না থাকলে ওরে দেখবে কে?’ মিশেলকে জীবন এনে দেন এক শিক্ষক। আর আবেদার প্রাণ ও জীবন দুটোই এনে দিচ্ছেন তার মা শরিফা। একে অন্যকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করছেন মা ও মেয়ে দুজনই। স্পর্শে চলে জীবনআশপাশে কেউ গেলেই আবেদা স্পর্শ করতে আসে। গন্ধ চেনার চেষ্টা করে। চিনতে পারলে মুখ দিয়ে শব্দ করে। ওর গায়ে কেউ হাত বুলিয়ে দিলে কোলে উঠতে চায়। এটা ওর একটা আবদার। আবেদা জন্ম থেকেই ও রকম। চিকিৎসকেরা প্রথমে বলেন, চোখে অস্ত্রোপচার করা করা হলে সে দেখতে পাবে। ছয় মাস বয়সে ওর একটা চোখে অস্ত্রোপচার করা হয়। তাতে কোনো লাভ হয়নি। যখন আবেদা আরও ছোট ছিল, তখন মায়ের কোলে কোলেই থাকত। শরিফা বলেন, ‘মনে হইত ওরে বাঁচাইতে পারব না। কিন্তু আমি ওরে কখনো চোখের আড়াল করি নাই।’ সকাল হলে বাবা ও মা দুজনই কাজে বেরিয়ে যান। ছোট বোন মায়ের সঙ্গেই চলে যায়। ঘরের দরজায় একা বসে অপেক্ষা করে আবেদা। কেউ এলে স্পর্শ করে কৌতূহল মেটায়। বাঁকা চোখেআবেদার জন্মের পর শরিফা শুনতে থাকেন লোকজনের ফিসফাস। ‘কেন এমন হইল, কী দোষ করছিলি যে এই রহম বাইচ্চা অইল।’ শরীফা আরও বলেন, ‘মেয়েটা তো চোহে দেহে না, কথা কইতে পারে না। ভুল তো ওর অইবোই। কিন্তু মাইনসে খালি ধমকায়।’ কলের নিচে রাখা বালতির কাছে যায় আবেদা। পানিটা ধরে দেখতে চায়, কলটা ধরে দেখতে চায়। এতেই তেড়ে আসে লোকজন। রাগ করে। শরিফাও আবেদাকে মাঝেমধ্যে ঘর থেকে বের হতে দেন না। অনেক বড় এ পৃথিবীটা দিনে দিনে আবেদার কাছে অনেক ছোট হয়ে আসছে। আবেদা নিজ থেকে খাওয়ার জন্য আসে না। মুখে খাবার তুলে দিতে হয়। বয়সের তুলনায় আবেদার ওজন অনেক কম। শরীফা জানান, ১৫ দিন ধরে সে ঠিকমতো কিছু খায় না। থাকুক না বেঁচেজন্মের পর চোখের অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা বলেছিলেন, আবেদার হূদযন্ত্রের অসুখ আছে। শরিফা বললেন, চোখে না দেখুক, কথা বলতে না পারুক, তাও বেঁচে থাকুক। জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, যত দ্রুত সম্ভব আবেদার অস্ত্রোপচার করতে হবে। এ জন্য খরচ পড়বে ৫০ হাজার টাকা। শরিফা যেকোনো মূল্যে আবেদাকে বাঁচাতে চান। ‘আমার মাইয়াডা অন্য সবার মতো না। আমারে ছাড়া হে এক দিনও থাকতে পারব না। আর আমিও পারুম না।’ সংসার চলছে অনেক কষ্টে। তার পরও আবেদাকে বাঁচিয়ে তোলার জন্য সংগ্রাম করে যাচ্ছেন শরিফা। সমাজের পাশাপাশি একটা কঠিন ভাবনার সঙ্গেও লড়াই করছেন তিনি। আবেদাকে ছাড়া তিনি থাকতে পারবেন না। আবার তিনি যদি আবেদার আগেই পৃথিবী থেকে বিদায় নেন, তবে আবেদাকে কে দেখবে? বহু কষ্টে এ ভাবনার কথা জানান তিনি।