বৈশাখী টেলিভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফোর্থ ক্লাস সোসাইটি। রওনক হাসানের ভাবনা থেকে নাটকটি লিখেছেন নওমী কামরুন, পরিচালনা করেছেন সাইফ চন্দন। আর নাটকটিতে অভিনয় করেছেন মৌসুমী নাগ। কথা হলো তাঁর সঙ্গে।‘ফোর্থ ক্লাস সোসাইটি’ নাটকটি নিয়ে কিছু বলুন।ফোর্থ ক্লাস সোসাইটি ধারাবাহিকে আমার চরিত্রটি বাসার কাজের বুয়া। আর এখানে আমার সংলাপগুলো পুরান ঢাকার ভাষায়। এ ধরনের চরিত্রে আগে যেহেতু কাজ করা হয়নি, তাই পুরো ব্যাপারটিই আমার জন্য খুব চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে। আর গ্ল্যামারার্স চরিত্রের দিকেই আমাদের বেশি ঝোঁক থাকে, কিন্তু এ ধারাবাহিকে আমি মোটেও তেমনটি নই। নতুন কী নাটকের কাজ করছেন?ইদানীং এক ঘণ্টার নাটকে বেশি কাজ করছি। এগুলোর মধ্যে আছে অঞ্জন আইচের বৃষ্টি প্রহর এবং ওরা তিনজন, আবু সুফিয়ানের চিরকুট, আহম্মেদ সুস্ময়ের নস্টালজিয়া এবং ক্যাথেড্রিম, আরফিন রূপমের গহীনে গন্তব্য, ফাত্তাহ তানভীরের অলৌকিক প্রহর ও রাকা রাব্বির অদৃশ্য। তিনটি নতুন ধারাবাহিকের কাজ করছি—সৈয়দ আওলাদের সাত সওদাগর, জুয়েল মাহমুদের বৈরী বাতাস ও রিপন নবীর আপন ঘর।এ নাটকগুলোর মধ্যে কোনটির চরিত্র অন্য রকম মনে হয়েছে?বৈরী বাতাস ধারাবাহিকে আমি একই সঙ্গে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এর আগে টিভি ও চলচ্চিত্রে তো এমন ঘটনা অনেক দেখেছি। কিন্তু এবার কাজটি করতে গিয়ে তা মোটেও সহজ মনে হয়নি। শুটিংয়ের সময় খুব দ্রুত পোশাক পরিবর্তন করতে হয়েছে। তা ছাড়া রূপসজ্জার ক্ষেত্রেও বৈচিত্র্য আনতে হয়েছে। ২০১১ সাল তো প্রায় শেষ। নতুন বছর শুরু হচ্ছে। এ বছর আমার জীবনে মনে রাখার মতো। ২০১১ সালে আমার ভালো-মন্দ অনেক ঘটনা ঘটেছে। তবে সব স্বাভাবিক। কাজ নিয়ে ব্যস্ত আছি। আগামী বছর দর্শকদের ভালো মানের কিছু কাজ উপহার দেওয়ার ইচ্ছা আছে।