মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের আবাসিক এলাকা পাইকপাড়ার একটি বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে মারিয়া আক্তার (৪৬) ও তাঁর মেয়ে সাদিয়া আক্তারের (১২) লাশ উদ্ধার করা হয়।মারিয়া আক্তার সৌদিপ্রবাসী আহম্মেদ আলীর স্ত্রী। সাদিয়া আক্তার শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আহম্মেদ আলীর বাড়ি বন্দর উপজেলার নবীগঞ্জে। মারিয়া আক্তারের বাবার বাড়ি সদর উপজেলার ডিক্রির চর কুড়েরপাড় এলাকায়।এলাকাবাসী ও পুলিশ জানায়, পাইকপাড়ার আবদুল করিম ভূঁইয়ার বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে এক বছর ধরে ভাড়া থাকেন সৌদিপ্রবাসী আহম্মেদ আলীর স্ত্রী মারিয়া আক্তার ও তাঁর মেয়ে সাদিয়া আক্তার। দুদিন ধরে সৌদি আরব থেকে আহম্মেদ আলী তাঁর স্ত্রী মারিয়া আক্তারের মুঠোফোনে কয়েক দফা ফোন করে পাননি। এতে তাঁর মনে সন্দেহ হয়। আজ সকালে তিনি বন্দর নবীগঞ্জ এলাকার তাঁর ছোট ভাই জসিমউদ্দিনকে তাঁর বাসায় পাঠান। বিকেলে জসীমউদ্দিন তাঁর ভাইয়ের বাড়িতে এসে দেখেন বাইরে থেকে ঘর তালাবদ্ধ। কিন্তু বারান্দার দরজা খোলা। এ সময় ঘর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে ঘরের দরজার তালা ভেঙে ঘরে পৃথক দুটি বিছানায় মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করে। এদিকে মারিয়া ও তাঁর মেয়ের মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা ছুটে আসেন। তাঁরা কান্নায় ভেঙে পড়েন। জসিমউদ্দিন সাংবাদিকদের জানান, তাঁর ভাই আহম্মেদ আলী ১৮ বছর ধরে সৌদিপ্রবাসী। তাঁর ভাবি ও ভাতিজি আট বছর ধরে শহরের পাইকপাড়া এলাকায়ই ভাড়া থাকেন। দেড় বছর আগে তাঁর ভাই দেশে এসেছিলেন। আজ সকালে ভাই আহম্মেদ আলী তাঁকে ফোন করে তাঁর বাসায় খোঁজ নিতে বলেন। আহম্মেদ আলী তাঁকে জানান, রোববার রাতে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। গতকাল মঙ্গলবার ও আজ সারা দিনে কয়েক দফা ফোন করেও তাঁদের পাওয়া যাচ্ছে না। তিনি প্রথমে ফ্ল্যাটে এসে দেখেন তালা মারা। তাঁর ধারণা ছিল, ভাবি ও ভাতিজি স্কুলে গেছে। স্কুলে গিয়ে খোঁজ নেন তিনি। পরে সেখানে না পেয়ে তিনি আবার বাসায় ফিরে আসেন। তিনি জানালার পাশে দাঁড়িয়ে দুর্গন্ধ পান। এতে তাঁর মনে সন্দেহ জাগলে তিনি পুলিশকে খবর দেন। বাড়ির মালিক আবদুল করিম ভূঁইয়া জানান, গত সোমবার বিকেলে মারিয়ার ফ্ল্যাটে উচ্চস্বরে কাওয়ালী বাজানো হয়। পরে আশপাশের ভাড়াটিয়ারা তাঁর কাছে নালিশ দিলে তিনি গিয়ে গান বন্ধ করে দেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ‘মা ও মেয়েকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। মেয়ের লাশের পাশে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। এ ছাড়াও একটি রক্তমাখা লুঙ্গি ও অব্যবহূত এক জোড়া হ্যান্ডগ্লাভস পাওয়া গেছে। মা মারিয়া আক্তারের পা ছিল বাঁধা। লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, দুদিন আগে দুর্বৃত্তরা মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে। প্রাথমিকভাবে ঘরের পরিবেশ ও হত্যার ধরন দেখে মনে হচ্ছে, এটা ছিনতাই বা ডাকাতির ঘটনা নয়। হত্যাকারীরা পূর্বপরিচিত। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মুঠোফোনের কললিস্ট ও উদ্ধার হওয়া ছুরির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার পর খুনিদের শনাক্ত করা যাবে বলে আমরা ধারণা করছি।’ লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।