মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়: বান কি মুন
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন । তিনি এই সাফল্যের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। জাতিসংঘ মা ও শিশুর স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে থাকে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।আজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে জাতিসংঘের মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরব। একই সঙ্গে বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে।’বান কি মুন বেলা পৌনে ১১টার দিকে বিশেষ হেলিকপ্টারে করে মোবারকপুর পৌঁছেন। সেখান থেকে কমিউনিটি ক্লিনিকে পৌঁছে তিনি উপস্থিত কমিউনিটি গ্রুপ, কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, চিফ হুইপ মো. আব্দুস শহীদ, বান কি মুনের স্ত্রী ইউ বান সুন তায়েক এবং জাতিসংঘ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।কিশোরীদের এক প্রশ্নের জবাবে মুন বলেন, ‘আমি আবারও বাংলাদেশে আসব।’ এ সময় তিনি বাংলায় তাদের ‘ধন্যবাদ’ জানান।