মা কীটনাশক পান করলেন, দিলেন দুই ছেলের মুখেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক গৃহবধূ নিজে কীটনাশক পান করে তাঁর দুই ছেলেশিশুর মুখেও তা ঢেলে দিয়েছেন। এতে ওই গৃহবধূ ও তাঁর দুই ছেলের মৃত্যু হয়েছে।পারিবারিক কলহের জের ধরে গতকাল শনিবার আখাউড়ার আমোদাবাদ গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় মারা যান আমোদাবাদ গ্রামের দরিদ্র জেলে প্রমোদ দাসের স্ত্রী ভগবতী দাস (২৮), তাঁদের আড়াই বছরের ছেলে তপু দাস ও পাঁচ বছরের বিজয় দাস। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ভগবতীর বাবা আশুতোষ দাস জামাতা প্রমোদ দাস ও তাঁর মা সরস্বতী দাসের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করেছেন। প্রমোদ ও সরস্বতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আমোদাবাদ গ্রামবাসী ও আখাউড়া থানার পুলিশের ভাষ্যমতে, অভাব-অনটন থাকায় প্রমোদ দাসের পরিবারে প্রতিনিয়ত কলহ হতো। পারিবারিক কলহের জের ধরে কয়েক মাস আগে প্রমোদ দাসও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে বেঁচে যান তিনি।শুক্রবার দিবাগত রাতে তিতাস নদীতে মাছ ধরতে যান প্রমোদ। ভোররাতের দিকে তাঁর স্ত্রী ভগবতী কীটনাশক পান করেন এবং দুই শিশুছেলের মুখেও তা ঢেলে দেন। কিছুক্ষণ পর বিষক্রিয়ার যন্ত্রণায় ছটফট করতে থাকে তারা। তাদের চিৎকারে ভোর সাড়ে পাঁচটার দিকে ছুটে আসেন আশপাশের বাড়ির নারীরা। এ সময় ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। জড়ো হওয়া নারীদের চিৎকারে বেরিয়ে আসেন পুরুষেরা। তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ভগবতী ও তাঁর দুই ছেলেকে সকাল সাতটার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভগবতীকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে বিজয় ও তপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তপুর মৃত্যু হয়। ঢাকায় নেওয়ার পথে রাত নয়টার দিকে মৃত্যু হয় শিশু বিজয়ের। আখাউড়ার সদর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে গতকাল সন্ধ্যায় আমোদাবাদ গ্রাম পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহমেদ।পুলিশের হেফাজতে থাকা প্রমোদ দাস প্রথম আলোকে বলেন, ‘অভাবের সংসার। তবু খাবার নিয়ে কিছু হতো না। আমার মায়ের সঙ্গে ভগবতীর বনিবনা হতো না। এই নিয়ে কয়েক মাস ধরে মা মানুষের বাসায় কাজ করে অন্যত্র থাকছেন। মাকে ঘরে ফিরিয়ে আনার কথা বললেই ভগবতীর সঙ্গে ঝগড়া হতো। কিন্তু এ কারণে এমন ঘটনা ঘটবে আমি স্বপ্নেও ভাবিনি।’একই ধরনের কথা বলেন প্রমোদের একাধিক প্রতিবেশী। প্রতিবেশী পারুল বালা দাস (৪৮) জানান, ভোরে ভগবতীর ঘর থেকে চিৎকার শুনে তিনি ঘরের বাইরে বের হয়ে লোকজনকে জড়ো করেন। তিনি বলেন, ‘শাশুড়ি সরস্বতী দাসের সঙ্গে ভগবতীর মিল ছিল না। এই কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে ভগবতীর বাবা আশুতোষ দাস বলেছেন, দীর্ঘদিন ধরে ভগবতীর সঙ্গে তাঁর স্বামী ও শাশুড়ির বনিবনা হচ্ছিল না। শাশুড়ি নানাভাবে ভগবতীকে জ্বালাতন করতেন। এর জের ধরে দুই শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ভগবতী।