মা পেলেন ছয় মাস ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার প্রথম সন্তানের বয়স যখন তিন মাস, তখন অতটুকু বাচ্চাকে কাজের লোকের কাছে রেখে আবার কর্মক্ষেত্রে যোগ দেই। তখন মনটা সারাক্ষণই বাড়িতে পড়ে থাকত। ওইটুকু একটা বাচ্চা, যার এ সময় খুব বেশি প্রয়োজন আমাকে, তার ঠিকমতো যত্নআত্তি হচ্ছে কি না, বিশেষ করে বুকের দুধ খাওয়ানোর বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিত্বে থাকতাম আমি। কারণ, চিকিৎসাশাস্ত্র অনুযায়ী শিশুর জন্মের পর ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো বাধ্যতামূলক। এ সময় পানি বা অন্য কোনো খাবার দেওয়া একেবারেই উচিত নয়। কিন্তু আমি একজন কর্মজীবী মা। তাই বাধ্য হয়েই আমার বাচ্চাকে তখন বেবি ফুড খাওয়াতাম। সে সময় অন্য কর্মজীবী মায়েদের মতোই মানসিক অবস্থা ছিল আমার’। বলেন গ্রামীণফোনের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ফারজানা রহমান। তবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এ সমস্যা আর হয়নি।সম্প্রতি মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনে কর্মরত নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে ছয় মাস করা হয়েছে। ফারজানা জানালেন, ‘সেটা ছিল ২০০২ সালের ঘটনা। এ বছর যখন আমি দ্বিতীয়বারের মতো মা হতে চলি, তখন আমাদের ম্যানেজমেন্টের কাছে এখানে কর্মরত মায়েদের জন্য ছয় মাস মাতৃত্বকালীন ছুটির আবেদন জানাই। তখন তারা বিষয়গুলো বিবেচনা করে এ বছরের গত ১৪ অক্টোবর তারিখে গ্রামীণফোনে কর্মরত নারীদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করে।’ মা হওয়া প্রতিটি মেয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এ সময় তার প্রয়োজন হয় কাছের মানুষগুলোর সহযোগিতার; বিশেষ করে, কর্মজীবী মেয়েদের এ ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা একান্ত প্রয়োজন হয়ে পড়ে। গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা খানম বলেন, ‘২০০৮ সালে যখন আমি প্রথম মা হতে চললাম, তখন চুক্তিভিত্তিক কাজ করছিলাম। গ্রামীণফোনে এখন চুক্তিভিত্তিক কাজের বিষয় না থাকলেও সে সময় যারা চুক্তিভিত্তিক কাজ করতেন, তাঁদের মাতৃত্বকালীন তিন মাসের ছুটি দেওয়া হতো না। তখন আমি ফারজানা রহমানের তত্ত্বাবধানে কাজ করতাম। তিনি নিজ দায়িত্বে আমাকে তিন মাসের ছুটির ব্যবস্থা করেন। সে সময় তিন মাসের মাতৃত্বকালীন ছুটি না পেলে হয়তো আমাকে চাকরিটাই ছেড়ে দিতে হতো। আসলে কর্মক্ষেত্রে সবার সহযোগিতাপূর্ণ আচরণ পেলে মেয়েদের এভাবে ঝরে পড়তে হতো না।’এ প্রসঙ্গ আসতেই ফারজানা বলেন, ‘একটু সহযোগিতা পেলেই মেয়েদের এত জটিলতার মধ্যে পড়তে হয় না। গর্ভকালীন সময়ও নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করতাম আমি। তার পরও আমাকে খুব বেশি কাজের চাপ দেওয়া হতো না। কখনো সহকর্মীরা ল্যাপটপ নিয়ে আসত; শরীর খুব খারাপ লাগলে ওরা এসে জনতে চাইত, কোনো সাহায্য লাগবে কি না। শুধু মেয়েরাই নয়, পুরুষ সহকর্মীরাও বেশ সহযোগিতা করত। আর প্রতিটি মেয়ের ক্ষেত্রেই অফিসে এই সহমর্মিতার খুব প্রয়োজন। বিশেষ করে, শুধু গর্ভাবস্থায় নয়, যখন একটি মেয়ে মাতৃত্বকালীন ছুটি শেষ করে আবার কাজে যোগ দেয়, তখন সহকর্মীদের সহযোগিতা না পেলে তার আবার কাজ শুরু করা বেশ কঠিন হয়ে পড়ে। কারণ, একটা দীর্ঘ বিরতির পর মেয়েটি যখন কাজে এসে যোগ দেয়, তখন দেখা যায়, তার সঙ্গে যারা কাজ করত, তারা তত দিনে অনেক এগিয়ে গেছে। মেয়েটিকে আবার নতুন আরেকটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কর্মক্ষেত্র যদি নারীবান্ধব না হয়, তাহলে মেয়েটিকে মানিয়ে নিতে বেশ সময় লেগে যায়।’ এ বিষয়ে গ্রামীণফোনের উপমহাব্যবস্থাপক তাহমিনা খালেদ জানান, সামনের সপ্তাহ থেকেই আমি মাতৃত্বকালীন ছুটিতে যাব। পরবর্তী সময়ে যাতে কাজে অসুবিধা না হয়, সে জন্য ছুটিতে যাওয়ার আগেই সহকর্মীদের সঙ্গে একটা পরিকল্পনা করে রেখেছি, যাতে এই সময়টা বাসায় থেকে অফিসের কাজগুলোর সর্বশেষ তথ্য জানতে পারি। কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের নতুন করে কাজের ফোকাস করতে হয়। সে সময় যদি অফিস কর্তৃপক্ষ সহযোগিতা না করে, তাহলে কাজ করা বেশ কঠিন হয়ে পড়ে বলে জানালেন তিনি। গর্ভধারণ থেকে জন্মদান পর্যন্ত মায়ের শরীরের ওপর দিয়ে যে ধকল যায়, বিশেষ করে যাঁদের অস্ত্রোপচার হয়, তাঁদের অন্তত ছয় মাস বিশ্রাম নিলে শরীর সুস্থ হয়ে ওঠে। আর শিশুটিও এই ছয় মাসে কিছুটা শক্ত হয়ে ওঠে। তাই অন্য প্রতিষ্ঠানগুলোতেও যদি ছয় মাস মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়, তাহলে নারীর কর্মক্ষেত্র থেকে ঝরে পড়া অনেকটা রোধ করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।