মা বই পড়তে ভীষণ ভালোবাসতেন
আমার মায়ের নাম ছিল সাঈদা, ডাকনাম ছিল সেরু। তিনি ছিলেন ছয় ছেলে ও ছয় মেয়ের জননী। আমি হচ্ছি তাঁর আট নম্বর সন্তান। তিনি ছিলেন অত্যন্ত ন্যায় ও নীতিবান ব্যক্তি। অনেক কিছুই তাঁর জানা ছিল এবং এ কারণে তাঁর মৃত্যু পর্যন্ত আমাদের জন্য তিনি ছিলেন মূল্যবান জ্ঞানের ভান্ডার। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। আমার মা অত্যন্ত রূপবতী ছিলেন। কিন্তু রূপবতী হওয়া সত্ত্বেও বহুবার আমার বাবাকে বলতে শুনেছি যে, তিনি আমার মাকে পছন্দ করেছিলেন তাঁর ব্যক্তিত্ব, তাঁর অন্য মানুষের প্রতি সহানুভূতি এবং সবচেয়ে বেশি তাঁর বুদ্ধিমত্তার জন্য। ১৯২০ সালের শেষের দিকে মা তাঁর পছন্দসই একজন ব্যক্তিকে বিয়ে করেছিলেন। আমার বাবা তখন শুধু ইংল্যান্ড থেকে ফিরেছেন একজন ব্যারিস্টার হয়ে। সেই কালে নিয়ম অনুযায়ী আমার বাবা ছিলেন গৃহকর্তা এবং পারিবারিক সব ব্যাপারে সিদ্ধান্ত নিতেন তিনি। কিন্তু আমরা জানতাম, সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি মায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটা নিতেন। আমাদের পারিবারিক সব ব্যাপারে মা খুব গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করতেন। আমার মা ব্যক্তিত্বশালী একজন মহিলা ছিলেন। আমি প্রায়ই ভাবি, এটা কীভাবে সম্ভব ছিল। কারণ, মহিলাদের সাধারণত কোনো ধরনের ব্যক্তিত্ব গঠনের উত্সাহ দেওয়া হয় না। মা কোনো দিন কারও কাছ থেকে অবাঞ্ছিত ব্যবহার সহ্য করেননি এবং আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি কী ধরনের ব্যবহার পছন্দ করেন আর কোনটা করেন না। তিনি সব সময় আমাদের পড়াশোনা করতে এবং যার যতটুকু সামর্থ্য ছিল, সেটুকু নিয়ে গড়ে উঠতে উত্সাহিত করতেন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে, তিনি একজন নানি, দাদি হিসেবে নিজের নাতি-নাতনিদের চাকরি করতে এবং নিজেকে আর্থিকভাবে স্বতন্ত্র হয়ে উঠতে উত্সাহিত করতেন। আমার মায়ের চিন্তাধারা ছিল অত্যন্ত অগ্রগামী। তিনি সমাজের রীতিনীতি ও কার্যকলাপ নিয়ে ভাবতেন এবং তাঁর চিন্তাধারা সেই সময় অনুযায়ী পাল্টাতেন। উদাহরণ হিসেবে আমি বলব তাঁর নাতি-নাতনিদের সঙ্গে সম্পর্কের কথা। তিনি সব সময় নাতি-নাতনিদের উত্সাহ দিতেন নিজের স্বামী অথবা স্ত্রী হিসেবে পছন্দসই কোনো ব্যক্তিকে বেছে নিতে, এমনকি নাতি-নাতনিদের সঙ্গে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে, আমাদের সবার আগে তিনি জানতেন, তাদের সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল কি না। একজন শাশুড়ি হিসেবে তিনি নিজের বউদের নিজের মেয়ের মতো স্নেহ করতেন এবং তাদের সাংসারিক ব্যাপারে হস্তক্ষেপ করতেন না।মা বই পড়তে ভীষণ ভালোবাসতেন। তিনি গল্পের বই ও উপন্যাস পড়তে অত্যন্ত পছন্দ করতেন। তিনি খবরের কাগজ খুব আগ্রহসহকারে পড়তেন। তিনি যখন নিজের দৃষ্টিশক্তি হারালেন, তখন বেতারের সাহায্যে তত্কালীন খবরের খোঁজ রাখতেন। আমার মনে হয়, তাঁর সময়ের মানুষের মধ্যে তিনি ছিলেন অনন্য। তিনি যে পরিমাণ সময় ব্যয় করতেন তাঁর সংসারে, ঠিক ততটা সময় তিনি ব্যয় করতেন সারা দুনিয়ার খবর জানার জন্য। মা গণিতে ছিলেন বেশ পারদর্শী। আমার মনে আছে, ছোটবেলা দেখতাম, কত সহজে তিনি সংসারের সব আয়-ব্যয়ের হিসাব করতেন চট করে।আমার জীবনের মূল্যবোধের জ্ঞান হয়েছে মায়ের কাছ থেকে এবং বড় হওয়ার পর বাবার কাছ থেকে। মায়ের সাজগোজ ছিল খুবই সাধারণ। অথচ তাঁর আত্মীয়স্বজন ছিল বেশ অলংকারপ্রিয়। মায়ের নিরলংকার সাজের কারণ ছিলেন মূলত আমার বাবা, তিনি সাজগোজ পছন্দ করতেন না। আমার মাও একই মতে বিশ্বাসী ছিলেন। তিনি মাথায় কাপড় দিয়ে হিজাব করা থেকে শরীরী হিজাবকে বেশি প্রাধান্য দিতেন। আমি বলতে চাই, মা কিংবা নানি-দাদি হিসেবে তাঁর কোনো অভিযোগ ছিল না। তিনি চোখে দেখতেন না, এমনকি শেষ বয়সে কানেও কম শুনতেন কিন্তু তার পরও তিনি খুশি ছিলেন, পরিতৃপ্ত ছিলেন। ছেলেমেয়ে কিংবা নাতি-নাতনিদের কাছ থেকে কিছু আশা করতেন না, কিন্তু তাঁর ব্যক্তিত্বের কারণেই সবাই তাঁর জন্য কিছু করার তাগিদ অনুভব করেছে। আমি অত্যন্ত ধন্য যে এত ভালো একজন মা ছিলেন। আমি সন্তুষ্ট যে তাঁর সেবা-শুশ্রূষা করে তাঁর ভালোবাসার কিছুটা হলেও প্রতিদান দিতে পেরেছিলাম। তাঁর শেষজীবনে, যখন তিনি হাসপাতালে ছিলেন, তখন আমরা সব ভাইবোন মিলে তাঁর সেবা করেছিলাম। যখন আমার পালা এসেছিল তখন আমি তাকে প্রথমে তার ওষুধ দিতাম, তারপর তাঁর শরীর ভেজা কাপড় দিয়ে মুছে এবং শেষে তাঁকে মালিশ করে দিতাম। আমি তাঁকে সূরা পড়ে শোনাতাম, বিশেষত সূরা ইয়াছিন। তাঁর শেষনিঃশ্বাস ত্যাগের সময় সব ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ ৫০ জন তাঁর পাশে ছিলাম। তাঁকে হারানোর বেদনায়, তাঁর শূন্যতায় আমরা শোকগ্রস্ত হয়ে গিয়েছিলাম। আমি আশা করি, আমাদের পরিবারের সবাই যেন তাঁর মতাদর্শ আর তাঁর জীবন-মূল্যবোধ আজীবন ধারণ করতে পারে।