মা বলতেন চাপ এলেও লড়াই করে যাবে
জনতার রায়ে বিজয়ী হওয়ার পর নিউজিল্যান্ড থেকে সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন তাঁর স্বামী কাজী আহসান হায়াৎ। ছুটি পাননি বলে নির্বাচনের সময় আসতে পারেননি তিনি।বরাবর সাহস জুগিয়েছেন দূর থেকেই।আর মা মমতাজ বেগম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পুরো সময়েই বলেছেন, ‘যেকোনো ধরনের চাপ এলেও তুমি লড়াই করে যাবে, সত্যের জয় হবেই।’জয়ী হয়েছেন সেলিনা হায়াৎ। বাংলাদেশের ইতিহাসে তিনিই হলেন কোনো সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত নারী মেয়র।দেওভোগে বাড়ির আঙিনায় সেলিনা হায়াৎ আইভীর ছোট্ট একটা নির্বাচনী ক্যাম্প। ক্যাম্পে পা রাখলেই প্রথমে যে ছবিটির দিকে চোখ পড়বে, সেটি আইভীর বাবা আলী আহাম্মেদ চুনকার। পুরো ঘরটিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে তাঁর ছবি আর নানা স্মৃতিচিহ্ন। বিজয়ী হওয়ার পর মুখে প্রশান্তির হাসি ছড়িয়ে আইভী বললেন, ‘আমি তো আমার বাবারই মেয়ে।’নির্বাচনের দিন সকালে বাবার কবরে ফুল দিয়ে আইভী দিন শুরু করেছিলেন। বিজয়ের পর আবারও ছুটে গেছেন বাবারই কাছে। তাহলে আইভীর এই গণমানুষের নেতা হয়ে ওঠার পেছনে অবদান কি শুধু বাবার? আইভী রাজপথে রাজনীতি করেছেন, দক্ষ হাতে পৌরসভা চালিয়েছেন। সব প্রতিকূলতা দূরে ঠেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কিন্তু তিনিও দুই সন্তানের মা, মমতাজ বেগমের বড় মেয়ে, পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় বোন। নির্বাচনের এই বন্ধুর পথটা তিনি পাড়ি দিয়েছেন তাঁর পরিবারকে সঙ্গে করে।গত ৩০ অক্টোবর রাত নয়টার দিকে যখন এ প্রতিবেদকের সঙ্গে সেলিনা হায়াৎ আইভীর কথা হয়, তখন তিনি তাঁর শোয়ার ঘরে। বড় ছেলে কাজী সাদমান হায়াৎ, মায়ের আদারের সীমান্ত তখন সেখানে ঘুরঘুর করছে। বারবার জানতে চাইছে, আর কতটা সময় পেরোলে সে মাকে মিষ্টি খাওয়াতে পারবে। তারপর মা-ছেলে মিলে হাত ধরাধরি করে নাচতে পারবে। সীমান্ত নিশ্চিত তার মা জিতবে। গ্রীষ্মের ছুটিতে নিউজিল্যান্ড থেকে বাড়ি এসে ১১ বছরের সীমান্ত মায়ের সঙ্গে ঘুরে বেড়িয়েছে পথে-প্রান্তরে। মায়ের জন্য ভোট চেয়েছে। সেও তার মায়ের বিপুল জনসমর্থনের প্রত্যক্ষদর্শী। আইভী নির্বাচনী প্রচারণার সময় বারবার মা-বোনদের কাছে ছুটে গেছেন। একই কথার পুনরাবৃত্তি করেছেন, ‘আমি স্বামী-সন্তান নিয়ে নিউজিল্যান্ডে সুখে ছিলাম। কিন্তু শুধু আপনাদের জন্য আপনাদের কাছে ছুটে এসেছি। আমার বাবার শিক্ষা আমি ভুলি নাই।’কিন্তু ৩০ অক্টোবর যখন দেওভোগকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিশাল জনস্রোত, তখনো কোথাও খুঁজে পাওয়া গেল না সেলিনা হায়াৎ আইভীর ‘অভিমানী’ ছেলে কাজী সার্জিল হায়াৎকে। মা তাকে অনন্ত বলেই ডাকেন। সে তখনো দরজা বন্ধ করে বসে আছে। প্রচারণার ২১টি দিনের চরম ব্যস্ততার মধ্যেও আইভীকে অনেকটা সময় পার করতে হয়েছে অনন্তের মান ভাঙানোয়। পুরো সময়ে অনন্তর টানেই মাকে বাড়ি ফিরতে হয়েছে। প্রায়ই অনন্ত আইভীর বাবা সেজে ফোন করে বলত, ‘আইভী, ঘড়ির দিকে তাকাও। কটা বাজে? ঘুমোতে হবে না?’এই ফাঁকে একটা কথা জানিয়ে রাখি। নয় বছরের অনন্ত কখনো তার মাকে মা বলে ডাকেনি। কেন? উত্তরে আইভী উজ্জ্বল চোখে বললেন, ‘আর বলবেন না, আমার ছোট ছেলেটা একটু অন্য ধরনের। কথায় কথায় গাল ফোলায়। ওকে যদি বলি, ‘মা বলে ডাক।’ উত্তরে বলে, ‘আমি তো চুনকা ভাই, তোমার বাবা।’দুই ছেলের পাশাপাশি আইভীর এই নেতা হয়ে ওঠায় পেছন থেকে উৎসাহ জুগিয়েছেন তাঁর ভাইবোনেরা। আর আইভীর মা মমতাজ বেগম সেই যে আলী আহাম্মেদ চুনকার ছায়াসঙ্গী হয়েছিলেন, ঠিক একইভাবে মেয়ের সঙ্গে রয়েছেন তাঁর রাজনৈতিক জীবনের শুরু থেকে। নাতিদের দেখভালের পুরো দায়িত্ব নিঃশব্দে তিনি কাঁধে তুলে নিয়েছেন। ৩০ অক্টোবরও এই নারীকে পাওয়া গেল এক অবিচলিত চেহারায়। তসবি জপতে জপতে ঘর থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে বললেন, সবাই আইভীর জন্য যা করল, তা ভোলার নয়।