মা-বাবা-বোনের কবরে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে আজ রোববার দিনাজপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনসভা করবেন। এ লক্ষ্যে দুপুর ১২টার দিকে তিনি বগুড়া থেকে দিনাজপুরে রওনা হন। বেলা সোয়া তিনটার দিকে তিনি দিনাজপুরে পৌঁছান।এরপর তিনি শহরের ফরিদপুর কবর স্থানে বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার ও বড় বোন বেগম খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করতে যান। সেখান থেকে সার্কিট হাউসে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি শহরের গোর-ই শহীদ ময়দানে ১৮-দলীয় জোট আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।বিরোধী দলের ঘোষিত দ্বিতীয় পর্বের কর্মসূচি এই জনসভার মধ্য দিয়ে খালেদা জিয়ার দেশব্যাপী সফর শুরু হলো।খালেদা জিয়া বগুড়া ত্যাগ করার আগে সেখানকার সার্কিট হাউসে জেলা বিএনপির ওয়েবসাইট উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘বগুড়ার বিএনপি এখন অনেক শক্তিশালী। সারা দেশের মানুষ বিএনপির ওয়েবসাইটটি দেখতে পারবে।’ তিনি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেন।বগুড়া থেকে দিনাজপুরের পথে মহাস্থানগড় পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ খালেদা জিয়াকে স্বাগত জানান। এ সময় তাঁদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। কেউ কেউ আবার ফুল ছিটিয়েও তাঁকে অভিনন্দন জানান। খালেদা জিয়া গাড়ি থেকে হাত নেড়ে তাঁদের অভিনন্দনের জবাব দেন।বিএনপির চেয়ারপারসন গতকাল শনিবার বিকেল চারটায় ঢাকার বাসা থেকে সড়কপথে রওনা হন। তাঁর সঙ্গে নেতা-কর্মীদের প্রায় অর্ধশত গাড়ির বহর ছিল। রাত সাড়ে ১০টায় তিনি বগুড়ার সার্কিট হাউসে পৌঁছান।দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ জানান, জনসভা শেষে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা হবেন।